Advertise top
চিকিৎসা

ভোলা হাসপাতালে বন্ধ থাকা আইসিইউ-সিসিইউ চালুর দাবিতে অনশন

শরীফ হোসাইন , ভোলা

প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৬, ০৪:৩১ পিএম       

ভোলা হাসপাতালে বন্ধ থাকা আইসিইউ-সিসিইউ চালুর দাবিতে অনশন
হাসপাতালের সংকট দূর করার ৪ দফা দাবিতে ভোলায় যুবকের অনশন। ছবি- বরিশাল নিউজ ডটকম

ভোলার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পূর্নাঙ্গ নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) ও করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ) চালু করার দাবি জানিয়ে আমরণ অনশন কর্মসূচি শুরু করেছেন নয়ন খান (২৫) নামের এক যুবক।

 

তার দাবির মধ্যে আরো রয়েছে হাসপাতালটিতে পুরোপুরি ডাক্তার সংকট নিরসন, পুরোপুরি নার্স সংকট নিরসন ও গর্ভবতী মায়েদের জন্য প্রসূতি চিকিৎসা সেবা নিশ্চিত করা।

 

হাসপাতালের নতুন বহুতল ভবনের প্রবেশ পথে তিনি আজ  মঙ্গলবার, ২৪ নভেম্বর সকাল ১০টা থেকে এ কর্মসূচি শুরু করেন।

 

হাসপাতাল সূত্রে জানা গেছে, করোনা মহামারির সময় কর্তৃপক্ষের আবেদনের প্রেক্ষিতে ২০২১ সালের ২৯ জুলাই কেন্দ্রীয় চিকিৎসা সরঞ্জামাগার (সিএমএসডি) থেকে ৬টি আইসিইউ বেড, ভেন্টিলেটর, অক্সিজেন কনসেনট্রেটরসহ প্রয়োজনীয় যন্ত্রপাতি সরবরাহ করা হয়। ছয় শয্যার এই ইউনিটে সব ধরনের আধুনিক যন্ত্রপাতি থাকলেও ডাক্তার, নার্সসহ চিকিৎসা সামগ্রী না থাকায় চালু করা যাচ্ছে না ইউনিটটি।

 

নয়নের সঙ্গে কথা বলে জানা গেছে, গত ২৬ অক্টোবর রাতে অসুস্থ বাবাকে ভোলার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান তিনি। কিন্তু প্রয়োজনীয় উন্নত চিকিৎসা ও আইসিইউ-সিসিইউ সুবিধা পাননি তিনি। এরফলে তার বাবাকে বাঁচানো সম্ভব হয়নি বলে মনে করেন তিনি।

 

তাই কর্তৃপক্ষের দৃষ্ঠি আক র্ষণ করতে বন্ধ থাকা আইসিই ও সিসিইউ চালু করার দাবি নিয়ে গত ২৮ অক্টোবর থেকে প্রতিদিন অবস্থান কর্মসূচি পালন করে আসছিলেন ভোলা পৌরসভার ওয়েস্টার্ন পাড়া এলাকার বাসিন্দা নয়ন খান। তার এই দাবির প্রতি একাত্মতা প্রকাশ করে অবস্থান কর্মসূচিতে অংশ নেন ভোলা সদর উপজেলার মেকানিকাল ইঞ্জিনিয়ার মাহফুজুর রহমান (২৭), কনটেন্ট ক্রিয়েটর ও ফ্রিল্যান্সার প্রিন্স আইয়ুব (২৬) এবং নাজিউর রহমান কলেজের এইচএসসি প্রথম বর্ষের ছাত্র মো. তানজিল শরীফ।

 

নয়ন আরও বলেন, “একই দাবিতে তিনি হাসপাতালটির তত্ত্বাবধায়ক, সিভিল সার্জন ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপিও দিয়েছেন। কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ বা প্রশাসনের টনক নড়েনি। তারা কেউ জানতেও চায়নি আমি কেন এ কর্মসূচি পালন করছি।”

 

হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা.মো.আরাফাতুর রহমান বলেন, আইসিইউ সেবা চালু না থাকায় গুরুতর অসুস্থ রোগীদের উন্নত চিকিৎসার জন্য প্রায়ই বরিশাল ও ঢাকায় পাঠাতে হচ্ছে। ডেঙ্গু, হৃদ্‌রোগ, স্ট্রোক ও শ্বাসকষ্টে আক্রান্ত জটিল রোগীদের ক্ষেত্রেও এমন পরিস্থিতি তৈরি হচ্ছে। আইসিইউ চালু করতে দক্ষ চিকিৎসক, প্রশিক্ষিত নার্স এবং তাদের সহযোগিতার জন্য পর্যাপ্ত জনবল প্রয়োজন। হাসপাতালে সেই জনবল নেই।


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal