বরিশাল নিউজ ডেস্ক
প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৬, ১২:১৮ পিএম

পড়াশোনায় উৎসাহ ও এআই-প্রযুক্তির সঙ্গে পরিচয় বাড়াতে এসএসসির সেরা শিক্ষার্থীদের ল্যাপটপ দিচ্ছে সরকার। প্রথম ধাপে পাবেন দেড় হাজার জন।
প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ কর্মসূচিটি হাতে নিয়েছে। দেশের ১১টি শিক্ষা বোর্ডে সব বিষয়ে জিপিএ-৫ পাওয়াদের মধ্য থেকে মেধাক্রমে ১০০ জন করে বাছাই হবে। মোট নির্বাচিত হবেন ১ হাজার ১০০ জন।
সমান নম্বর পাওয়াদের জন্য ৪০০টি ল্যাপটপ অতিরিক্ত রাখা হয়েছে। ফলে প্রথম ধাপে দেড় হাজার শিক্ষার্থী ল্যাপটপ পাবেন। তাদের হাতে ২০২৭ সালের ফেব্রুয়ারি-মার্চের মধ্যে এসব তুলে দেওয়ার পরিকল্পনা রয়েছে।
শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, "আমরা প্রাথমিক পর্যায়ে ১১টি বোর্ড থেকে মেধাক্রমের ভিত্তিতে শীর্ষ দেড় হাজার শিক্ষার্থীকে ল্যাপটপ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।"
এসইডিপির অধীন এই স্কিমের পরিচালক প্রফেসর মো. ফিরোজ আলম বলেন, "শিক্ষার্থীদের ভালো ফলাফলে উৎসাহিত করার পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও আধুনিক তথ্যপ্রযুক্তির সঙ্গে তাদের সম্পৃক্ত করতে এই পুরস্কার দেওয়া হচ্ছে।"
ঢাকা বোর্ডের কাঠামোয় শুধু জিপিএ-৫ নয়, মোট নম্বরের ভিত্তিতে মেধাক্রম হবে। প্রতিটি বোর্ডের ১০০ জনের ৫০ শতাংশ বিজ্ঞান, ৩০ শতাংশ মানবিক ও ২০ শতাংশ ব্যবসায় শিক্ষা বিভাগের। সাধারণ অন্য আটটি বোর্ডেও একই পদ্ধতি অনুসরণ হয়েছে।
এসএসসিতে এ বছর জিপিএ-৫ পেয়েছেন ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন। শুরুতে ৪০ হাজারকে ল্যাপটপ দেওয়ার পরিকল্পনা ছিল। প্রথম ধাপে ব্যয় হবে আনুমানিক ১৬ থেকে ১৭ কোটি টাকা। মাউশির মহাপরিচালক প্রফেসর ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল জানান, এ জন্য অর্থ মন্ত্রণালয়ের সম্মতি মিলেছে।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬
Developed By NextBarisal
মন্তব্য লিখুন