বরিশাল নিউজ ডেস্ক
প্রকাশ : ২০ নভেম্বর ২০২৬, ০৪:২৬ পিএম আপডেট : ২০ নভেম্বর ২০২৬, ০৮:২৭ পিএম

প্রধানমন্ত্রী তারেক রহমান সরকার প্রধান হিসেবে প্রথম জন্মদিন কাটাচ্ছেন। এ উপলক্ষ্যে দলের কিংবা পরিবারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোন কর্মসূচি নেই, তবে মসজিদে হয়েছে দোয়া মাহফিল।
বিএনপির একাধিক জ্যেষ্ঠ নেতা জানিয়েছেন, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত বা দলীয় কোনো আনুষ্ঠানিক কর্মসূচি নেই। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিবেদন অনুযায়ী, তারেক রহমান কখনোই আনুষ্ঠানিকভাবে জন্মদিন পালন করেন না। নিকট স্বজন ও ঘনিষ্ঠজনরা ব্যক্তিগতভাবে তাকে শুভেচ্ছা জানান।
তারেক রহমানের পিতা জিয়াউর রহমান , বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি এবং মা খালেদা জিয়া সাবেক প্রধানমন্ত্রী ছিলেন।
জুমার নামাজের পর দেশের বিভিন্ন মসজিদে শুক্রবার, ২০ নভেম্বর দোয়া মাহফিল করেছেন নেতাকর্মী ও সমর্থকেরা। এসব আয়োজন হয়েছে ব্যক্তি পর্যায়ে। দলের পক্ষ থেকে আলাদা কোনো কর্মসূচি রাখা হয়নি।
দীর্ঘ ১৭ বছরের নির্বাসন শেষে তিনি ২০২৫ সালের ২৫ ডিসেম্বর দেশে ফেরেন। চলতি বছরের ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ২১১টি আসনে জয়ী হয়। এরপর তিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন।
জন্মসাল নিয়ে ভিন্ন তথ্য
বিএনপির ওয়েবসাইট, নির্বাচনী হলফনামা ও উইকিপিডিয়ায় তার জন্ম ২০ নভেম্বর ১৯৬৮ সালে বলে উল্লেখ আছে। সে হিসাবে এবার তার বয়স ৫৮ বছর পূর্ণ হলো।
অন্যদিকে তারেক রহমানের নামে করা ওয়েবসাইটে জন্মসাল ১৯৬৫ লেখা। চলতি বছর লন্ডন থেকে নিবন্ধিত ওই ডোমেইনের মালিকানা যাচাই করা যায়নি। বাসসের একটি লেখায় ১৯৬৫ সাল ধরে ৬২তম জন্মদিনের কথা বলা হয়েছে।
তার জন্ম স্থান ব্রিটানিকায় তৎকালীন পূর্ব পাকিস্তানের ঢাকায় বলা হয়েছে। অন্যদিকে ইউএনবির বরাত দিয়ে দ্য ডেইলি স্টার বলছে তার জন্ম স্থান বগুড়ায়।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬
Developed By NextBarisal
মন্তব্য লিখুন