Advertise top
বিদেশ

ইউনূসের বিরুদ্ধে মামলার ভাবনায় টিউলিপ

বরিশাল নিউজ বিদেশ ডেস্ক

প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৬, ০৫:০৬ পিএম    

ইউনূসের বিরুদ্ধে মামলার ভাবনায় টিউলিপ
যুক্তরাজ্যের এমপি টিউলিপ সিদ্দিক ও সাবেক অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। সংগৃহীত

প্রতিহিংসামূলক মামলার অভিযোগ তুলে অধ্যাপক মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে আইনি পদক্ষেপের কথা ভাবছেন যুক্তরাজ্যের এমপি টিউলিপ সিদ্দিক।

 

দ্য গার্ডিয়ানের প্রতিবেদন অনুযায়ী, ‘পলিটিকস আনলিশড’ নামের একটি পডকাস্টে টিউলিপ এ কথা বলেছেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গুটো হ্যারি ও ডেভিড ডেভিস।

 

টিউলিপ যুক্তরাজ্যের লেবার পার্টির এমপি ও সাবেক মন্ত্রী। ইউনূস প্রশাসনের আনা দুর্নীতির অভিযোগের মুখে গত বছর তাকে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতে হয়েছিল। পডকাস্টে তিনি দাবি করেন, তিনি প্রতিহিংসামূলক মামলার শিকার।

 

টিউলিপ জানান, একজন আইনজীবী তাকে বলেছেন, ইউনূসের বিরুদ্ধে মামলা করার মতো যথেষ্ট ভিত্তি তার আছে। তিনি আইনজীবীদের সঙ্গে আইনি বিকল্প খতিয়ে দেখছেন।

 

গত বছরের ডিসেম্বরে ঢাকার একটি আদালত টিউলিপকে অনুপস্থিতিতে দুই বছরের কারাদণ্ড দেন। রাজধানীর উপকণ্ঠে পরিবারের জন্য প্লট বরাদ্দ নিতে খালা শেখ হাসিনাকে প্রভাবিত করার অভিযোগ ছিল। ওই মামলায় আরও ১৬ জনকে সাজা দেওয়া হয়। টিউলিপ শুরু থেকেই অভিযোগ অস্বীকার করে আসছেন।

 

২০২৫ সালের গ্রীষ্মে গার্ডিয়ানকে দেওয়া সাক্ষাৎকারে তিনি অভিযোগগুলোকে ‘সম্পূর্ণ হাস্যকর’ বলেছিলেন। তার দাবি, শেখ হাসিনা ও ইউনূসের দীর্ঘদিনের বিরোধের ‘বলি’ হয়েছেন তিনি। তার আইনজীবীরা বাংলাদেশ সরকারকে বারবার চিঠি দিলেও জবাব পাননি বলেও তিনি অভিযোগ করেন।

 

টিউলিপের দাবি, লন্ডনে ইউনূস ডরচেস্টার হোটেলে থাকাকালে তিনি হাতে লেখা চিঠি পাঠিয়ে দেখা করতে চেয়েছিলেন। ইউনূস দেখা করতে রাজি হননি বলে তিনি জানান।

 

মন্তব্যের জন্য ইউনূসের দুজন ঘনিষ্ঠ সহযোগীর মাধ্যমে যোগাযোগ করা হলেও তিনি কিছু বলতে রাজি হননি।


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal