বরিশাল নিউজ ডেস্ক
প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৬, ০৫:২৮ পিএম

প্রবল ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে পায়রাসহ চার সমুদ্রবন্দরে তিন নম্বর সংকেত। বরিশালসহ চার বিভাগে ভারি বর্ষণেরও আভাস।
আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বিজ্ঞপ্তিতে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’ এখন পশ্চিমমধ্য বঙ্গোপসাগর ও দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করছে।
ঘূর্ণিঝড়টির কেন্দ্র বৃহস্পতিবার, ১৯ নভেম্বর সকাল ৬টায় পায়রা বন্দর থেকে ১০০৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে ছিল। মোংলা থেকে দূরত্ব ছিল ১০১০ কিলোমিটার। কক্সবাজার থেকে ১০৭৫ এবং চট্টগ্রাম থেকে ১১২৫ কিলোমিটার দূরে ছিল এর কেন্দ্র।
উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে ঘূর্ণিঝড়টি শুক্রবার, ২০ নভেম্বর দুপুর নাগাদ ভারতের উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওড়িশা উপকূল অতিক্রম করতে পারে। কেন্দ্রের ৬৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা গতিবেগ ঘণ্টায় ৮৯ কিলোমিটার। দমকা হাওয়ায় তা ১১৭ কিলোমিটার পর্যন্ত উঠছে।
উত্তর বঙ্গোপসাগরের সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।
একই সময়ে ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণের পূর্বাভাস রয়েছে। এসব বিভাগের অনেক জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বজ্রবৃষ্টি হতে পারে।
পরবর্তী ২০ ও ২১ নভেম্বর আট বিভাগের অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। দেশের কোথাও কোথাও ভারি থেকে অতি ভারি বর্ষণের আশঙ্কাও আছে।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬
Developed By NextBarisal
মন্তব্য লিখুন