Advertise top
বিদেশ

ট্রাম্পের সুর নরম, থামছে না আইস

বরিশাল নিউজ ডেস্ক

প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৬, ০৭:১৭ পিএম    

ট্রাম্পের সুর নরম, থামছে না আইস
টহলরত আইস এজেন্টরা। সংগৃহীত

মধ্যবর্তী নির্বাচনে হারের পর অভিবাসন দমন নীতিকে ‘অতিরিক্ত কঠোর’ বললেও অভিযান থামাচ্ছে না মার্কিন প্রশাসন।

 

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তার অভিবাসন দমন নীতি ‘অতিরিক্ত কঠোর’ ছিল। সিবিএসের ‘সিক্সটি মিনিটস’ অনুষ্ঠানে রবিবার, ৮ নভেম্বর প্রচারিত সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি।

 

অবৈধ সীমান্ত পারাপার ব্যাপকভাবে কমানোয় তিনি নিজেকে ‘এ প্লাস’ নম্বর দেন। তবে ব্যাপক বহিষ্কারের কারণে রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন বলেও মন্তব্য করেন। ভালো চাকরি থাকা মানুষও বহিষ্কারের তালিকায় পড়ায় তিনি কষ্ট পান বলে জানান।

 

নির্বাচনের দিন ভোটারদের জরিপে অভিবাসন ছিল তৃতীয় গুরুত্বপূর্ণ ইস্যু। এর আগে ছিল অর্থনীতি ও গণতন্ত্রের অবস্থা। ট্রাম্প বলেন, ডেমোক্র্যাটদের সঙ্গে অভিবাসন নিয়ে কিছু করতে তিনি আগ্রহী। তবে বিস্তারিত কিছু জানাননি।

 

এর পরও হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের একজন মুখপাত্র বিবিসিকে জানান, আইস অভিযান থেকে সরছে না, গতিও কমাচ্ছে না। হোয়াইট হাউসের একজন মুখপাত্রও বলেন, অপরাধী অবৈধ অভিবাসীদের গ্রেপ্তার ও বহিষ্কারের চেষ্টা কমানো হবে না।

 

আইস সূত্র সিবিএসকে জানায়, সাম্প্রতিক সপ্তাহে প্রতিদিন প্রায় ২৭০০ জনকে গ্রেপ্তারের লক্ষ্য ঠিক করা হয়েছে। আগে লক্ষ্যমাত্রা ছিল দুই হাজার।

 

ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স আইন প্রয়োগের কৌশল বদলের ধারণায় ‘উন্মুক্ত’ বলে অনলাইনে লিখেছিলেন। তবে শুক্রবার, ৬ নভেম্বর ট্রাম্প স্টিফেন মিলারকে হোয়াইট হাউসের চিফ অব স্টাফ করার ঘোষণা দেন। কঠোর অভিবাসন নীতির অন্যতম রূপকার হিসেবে মিলারকে বিবেচনা করা হয়।


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal