বরিশাল নিউজ ডেস্ক
প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৬, ০৬:৫৪ পিএম

জলবায়ু ন্যায়বিচারের দাবি তুলতে কপ৩১ সম্মেলনে যোগ দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ জন্য তিনি মঙ্গলবার, ১০ নভেম্বর তুরস্ক যাচ্ছেন।
তুরস্কের আনতালিয়ায় অনুষ্ঠেয় এই সম্মেলনে প্রধানমন্ত্রী বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন। সরকারি সফরটি তিন দিনের। সম্মেলনের পূর্ণাঙ্গ অধিবেশনে বৃহস্পতিবার, ১২ নভেম্বর তিনি বাংলাদেশের পক্ষে বক্তব্য দেবেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ে সোমবার, ৯ নভেম্বর আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান নবনিযুক্ত পররাষ্ট্র সচিব সালাহউদ্দিন নোমান চৌধুরী।
পররাষ্ট্র সচিব জানান, বৈশ্বিক গ্রিনহাউস গ্যাস নিঃসরণে বাংলাদেশের অবদান মাত্র ০.০৫ শতাংশ। অথচ জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে দেশটি সবচেয়ে ঝুঁকিপূর্ণ রাষ্ট্রগুলোর একটি। তাই জলবায়ু ন্যায়বিচার সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার। অভিযোজন অর্থায়ন, ক্ষয়ক্ষতি মোকাবিলা এবং উন্নত দেশগুলোর অর্থায়ন-প্রতিশ্রুতি বাস্তবায়নের বিষয়ও প্রধানমন্ত্রী তুলে ধরবেন।
সম্মেলনের গ্রিন জোনে বাংলাদেশ একটি পাট প্যাভিলিয়ন স্থাপন করছে। সেখানে প্লাস্টিকের বিকল্প হিসেবে পাটের সম্ভাবনা তুলে ধরা হবে। তুরস্কের সঙ্গে পাটজাত পণ্যের ব্যবহার ও প্রচারবিষয়ক একটি যৌথ ঘোষণা সইয়ের পরিকল্পনাও আছে।
সম্মেলনের ফাঁকে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজ ও উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মির্জিয়োয়েভের সঙ্গে বৈঠকের উদ্যোগ নেওয়া হয়েছে। যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গেও বৈঠকের চেষ্টা চলছে।
সফরসঙ্গী থাকবেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের দুই প্রতিমন্ত্রী।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬
Developed By NextBarisal
মন্তব্য লিখুন