বরিশাল নিউজ বিদেশ ডেস্ক
প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৬, ০৫:১৭ পিএম

হুতিদের সঙ্গে উত্তেজনার মধ্যে সৌদি রাজধানী রিয়াদে বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এর আগে বেসামরিক প্রতিরক্ষা সতর্কতা জারি করেছিল।
এক প্রত্যক্ষদর্শীর বরাতে এ খবর দিয়েছে রয়টার্স। সম্ভাব্য হামলার আগাম সতর্কতার কিছুক্ষণ পর রবিবার, ৮ নভেম্বর শব্দটি শোনা যায়। পরে সৌদি বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ জানায়, বিপদের আশঙ্কা কেটে গেছে।
এর আগে শনিবার, ৭ নভেম্বর ইয়েমেনের রাজধানী সানার কাছে একটি গ্রামে সৌদি বিমান হামলায় অন্তত ৩৩ জন নিহত হন বলে জানিয়েছে হুতি নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়। আহত হয়েছেন ৩৯ জন। হুতিদের বার্তা সংস্থা সাবার দাবি, সানার পূর্বাঞ্চলের বানি হুশাইশ এলাকার বাড়িঘরে হামলা হয়েছে। নিহতদের বেশির ভাগ নারী ও শিশু।
রয়টার্স এ দাবি স্বাধীনভাবে যাচাই করতে পারেনি। সৌদি আরবের সেন্টার ফর ইন্টারন্যাশনাল কমিউনিকেশন জানিয়েছে, তারা ঘটনার তদন্ত করছে।
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের যুদ্ধের প্রভাবে গত জুলাইয়ে সৌদি আরব ও হুতিদের মধ্যে নতুন করে সংঘাত শুরু হয়। এতে ২০২২ সালে জাতিসংঘের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি ভেঙে যায়। এরপর থেকে হুতিরা সৌদি বিমানবন্দর ও তেল স্থাপনায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে বলে খবর আছে। অন্যদিকে ইয়েমেনের সরকারি বাহিনীর পক্ষে বিমান হামলা চালাচ্ছে রিয়াদ।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬
Developed By NextBarisal
মন্তব্য লিখুন