বরিশাল নিউজ ডেস্ক
প্রকাশ : ০১ নভেম্বর ২০২৬, ০৮:০২ পিএম

এআইনির্ভর সাইবার ঝুঁকি ঠেকাতে নতুন নীতিমালা করছে বাংলাদেশ ব্যাংক। বিদ্যমান কাঠামো ৩১ ডিসেম্বরের মধ্যে বাস্তবায়ন করতে হবে ব্যাংকগুলোকে।
কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বাড়ায় ভুয়া বার্তা, পরিচয় নকল ও স্বয়ংক্রিয় হামলার ঝুঁকিও বেড়েছে। এ কারণে নীতিমালা তৈরিতে কমিটি গঠন করেছে কেন্দ্রীয় ব্যাংক। কমিটিতে আছেন সরকারি ও বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, বেসরকারি খাতের প্রতিনিধি, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ।
বাংলাদেশ ব্যাংকের আইসিটি বিভাগের নির্বাহী পরিচালক মোহাম্মদ জাকির হাসান জানান, নীতিমালা শিগগিরই চূড়ান্ত করা হবে। এরপর তফসিলি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে নির্দেশনা দেওয়া হবে। তবে সুনির্দিষ্ট বিষয়গুলো কমিটির সুপারিশের ওপর নির্ভর করবে।
কেন্দ্রীয় ব্যাংক গত ২৯ মার্চ ‘সাইবার সিকিউরিটি ফ্রেমওয়ার্ক, ভার্সন ১.০ (২০২৬)’ জারি করে। ব্যাংক, ফাইন্যান্স কোম্পানি, এমএফএস ও পেমেন্ট সেবাদাতারা এর আওতায় আছে। কাঠামোটি ছয়টি মূল কাজের ওপর দাঁড়িয়ে আছে। এর মধ্যে রয়েছে ঝুঁকি শনাক্ত, হামলা মোকাবিলা ও স্বাভাবিক কার্যক্রম পুনরুদ্ধার।
বাংলাদেশ ব্যাংক গত ২২ অক্টোবর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে নিজেদের ওয়েবসাইট সাময়িক বন্ধ রাখে। পিএইচপির কয়েকটি গুরুতর দুর্বলতা নিয়ে আন্তর্জাতিক সতর্কবার্তার পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত হয়। ওয়েবসাইটটি গত ২৫ অক্টোবর আবার চালু হয়। মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান জানান, কোনো ব্যাংকের ওয়েবসাইট হ্যাক হয়নি।
সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংক পিএলসির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আবদুল কাইয়ুম চৌধুরী বলেন, ‘সাইবার নিরাপত্তা এককালীন কোনো উদ্যোগ নয়, এটি একটি ধারাবাহিক প্রক্রিয়া।’
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬
Developed By NextBarisal
মন্তব্য লিখুন