Advertise top
শিক্ষা

এইচএসসি; সম্পূরক পরীক্ষার ফলে ভর্তিতে অনিশ্চয়তা

বরিশাল নিউজ ডেস্ক

প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৬, ০৫:২৮ পিএম    

এইচএসসি; সম্পূরক পরীক্ষার ফলে ভর্তিতে অনিশ্চয়তা
এইচএসসি পরীক্ষার্থী। ফাইল ছবি

ভর্তির আবেদনের সময় শেষ হবে সম্পূরক পরীক্ষার ফলের আগেই। ঢাকা ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আবেদনের সুযোগ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

 

এইচএসসি ও সমমানের পরীক্ষায় সর্বোচ্চ দুই বিষয়ে অকৃতকার্যদের সম্পূরক পরীক্ষা ১ ডিসেম্বর থেকে শুরু হবে। সুযোগ পাবেন ৪ লাখ ২২ হাজার ৯০৫ জন। ফরম পূরণ চলবে সোমবার, ৯ নভেম্বর পর্যন্ত।

 

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১১ থেকে ২৫ নভেম্বর এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ১২ থেকে ২৭ নভেম্বর আবেদন নেওয়া হবে। অর্থাৎ সম্পূরক পরীক্ষার ফল আসার আগেই আবেদন শেষ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক আবদুস সালাম উদ্যোগটিকে ভালো বললেও এতে শিক্ষার্থীরা খুব লাভবান হবেন বলে মনে করেন না।

 

আরেক জটিলতা পুনর্নিরীক্ষণ নিয়ে। আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সূচি অনুযায়ী, সোমবার, ২৩ নভেম্বর এর ফল প্রকাশ হবে। তিন বিষয়ে অকৃতকার্য কেউ পুনর্নিরীক্ষণে পাস করলেও ততদিনে ফরম পূরণের সময় চলে যাবে।

 

মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষা ১৮ ডিসেম্বর। সম্পূরক পরীক্ষায় পাসদের সুযোগ আছে কি না, জানতে চাইলে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নাজমুল হোসেন বলেন, ‘এই সিদ্ধান্ত মন্ত্রণালয় নেবে।’

 

সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান আশা করেন, অনেক বিশ্ববিদ্যালয় ও কলেজে ভর্তির সুযোগ মিলবে।


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal