বরিশাল নিউজ
প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৬, ০৩:০৩ পিএম

বরিশাল শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক বলছেন, যথাযথ মূল্যায়নেই এবার ফলে প্রকৃত চিত্র এসেছে। বোর্ডে পাসের হার নেমেছে ৪৪.৮৪ শতাংশে।
বোর্ডের হলরুমে শনিবার, ৩১ অক্টোবর সকাল ১১টায় ফলাফলের পরিসংখ্যান ঘোষণা করেন পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক শরীফ মোর্শেদ রেজা। গত বছর এ বোর্ডে পাসের হার ছিল ৬২.৫৭ শতাংশ। এক বছরের ব্যবধানে তা কমেছে প্রায় ১৮ শতাংশ পয়েন্ট। গত দেড় যুগে বরিশাল বোর্ডে এমন ফল দেখা যায়নি।
এবার জিপিএ ৫ পেয়েছে ৯৫০ জন শিক্ষার্থী। গত বছর এ সংখ্যা ছিল ১ হাজার ৬৭৪। অর্থাৎ কমেছে ৭২৪ জন।
বোর্ডের ৩৫০টি কলেজ থেকে মোট পরীক্ষার্থী ছিল ৬০ হাজার ৬৫২ জন। পরীক্ষায় অংশ নেয় ৫৭ হাজার ৯১২ জন। এর মধ্যে ছাত্র ২৬ হাজার ৭৫৫ এবং ছাত্রী ৩১ হাজার ১৫৭ জন। পাস করেছে ২৫ হাজার ৯৭০ জন।
পরীক্ষা নিয়ন্ত্রক বলেন, ফল যথাযথভাবে পর্যালোচনা ও মূল্যায়ন করে প্রকাশ করা হয়েছে। এতে শিক্ষার্থীদের প্রকৃত মেধার প্রতিফলন ঘটেছে। তার ভাষ্য, যারা নিয়মিত পড়াশোনা করেছে, তারাই কাঙ্ক্ষিত ফল পেয়েছে।
সারা দেশের ১১টি বোর্ডের মধ্যে বরিশালে পাসের হার সবচেয়ে কম। ঢাকা বোর্ডে এ হার সর্বোচ্চ, ৬১.৮০ শতাংশ।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬
Developed By NextBarisal
মন্তব্য লিখুন