Advertise top
বরিশাল জেলা

চরকাউয়ায় অটো থাকবে বাসস্ট্যান্ড থেকে দূরে

বরিশাল নিউজ

প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৬, ০৭:০৯ পিএম    

চরকাউয়ায় অটো থাকবে বাসস্ট্যান্ড থেকে দূরে
চরকাউয়া বাসস্ট্যান্ড। ফাইল ছবি

মূল সড়কে যাত্রী তোলা নিয়ে বিরোধ মিটেছে। বরিশালের চরকাউয়ায় অটোরিকশা থাকবে বাসস্ট্যান্ড থেকে ৩০০ ফুট দূরে, আবার চালু ছয় রুটের বাস।

 

পুলিশের মধ্যস্থতায় বাস মালিক সমিতি ও অটোরিকশা-থ্রি-হুইলার শ্রমিকদের বিরোধ মিটেছে। এর পর চরকাউয়া বাসস্ট্যান্ড থেকে মঙ্গলবার, ৩ নভেম্বর সকাল ছয়টায় ছয়টি অভ্যন্তরীণ রুটে বাস চলাচল শুরু হয়। টানা ২৪ ঘণ্টা বন্ধ থাকার পর যাত্রীদের ভোগান্তি কমেছে।

 

মূল সড়কে যত্রতত্র যাত্রী তোলা, বিশৃঙ্খলা এবং হামলা-ভাঙচুরের পাল্টাপাল্টি অভিযোগে মালিক ও শ্রমিকরা বাস বন্ধ করে দেন। ডিসি রোড, লক্ষ্মীপাশা, লাহার হাট, কাটাদিয়া, হলতা ও সিদ্দিক বাজার রুটে সোমবার, ২ নভেম্বর সকাল ছয়টা থেকে চলাচল বন্ধ ছিল। নেহালগঞ্জে অটোরিকশা ভাঙচুর ও চালকদের মারধরের প্রতিবাদে অটোরিকশা শ্রমিকরাও সড়ক অবরোধ করেন। এসব রুটে প্রায় ৭০টি বাস চলে। প্রতিদিন কয়েক হাজার যাত্রী যাতায়াত করেন।

 

সমিতির সভাপতি মামুন খন্দকার জানান, বন্দর থানা ও বাকেরগঞ্জ থানা পুলিশ এবং স্থানীয় ইউপি চেয়ারম্যানের মধ্যস্থতায় সোমবার, ২ নভেম্বর রাতে বৈঠক হয়। সিদ্ধান্ত অনুযায়ী অটোরিকশা ও থ্রি-হুইলার বাসস্ট্যান্ড থেকে ৩০০ ফুট দূরে যাত্রী তুলবে। এগুলো মূল সড়কে না থেকে লিংক রোডের মুখে অবস্থান করবে। বাসও যাত্রীদের লিংক রোডের স্ট্যান্ডে নামিয়ে দেবে। তার ভাষ্য, এতে দুই পক্ষই সমানভাবে যাত্রী পাবে।

 

তবে সিদ্ধান্তের পরদিন সকালে বৈরাগী বাড়ির পুল এলাকায় অটোরিকশা শ্রমিকরা আবার সড়ক অবরোধ করেন। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মামুন খন্দকার সতর্ক করে বলেন, সিদ্ধান্ত উপেক্ষিত হলে আবার বাস বন্ধ হবে।

 

বরিশাল মেট্রোপলিটন পুলিশের বন্দর থানার ওসি সনজীত চন্দ্র নাথ জানান, দুই পক্ষের সমঝোতার পর সব রুটে যান চলাচল শুরু হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক।


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal