বরিশাল নিউজ বিদেশ ডেস্ক
প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৬, ০৫:১০ পিএম

ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূলে আঘাত হেনেছে তীব্র ঘূর্ণিঝড় অর্ণব। ঝড়-বৃষ্টিতে তিনজনের মৃত্যুর খবর দিয়েছে ভারতীয় বার্তাসংস্থা পিটিআই।
ভারতীয় বাংলা পত্রিকা আনন্দবাজারের প্রতিবেদন অনুযায়ী, বুধবার, ২৮ অক্টোবর ভোরে কাকিনাডা ও ইয়ানামের মাঝামাঝি উপকূল অতিক্রম করে ঘূর্ণিঝড়টি। আবহাওয়া কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, স্থলভাগে ওঠার সময় বাতাসের গতি ছিল ঘণ্টায় ১২৫ থেকে ১৩৫ কিলোমিটার। দমকা হাওয়া ঘণ্টায় ১৫০ কিলোমিটার পর্যন্ত পৌঁছায়।
সকালে মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু প্রাণহানির খবর নেই বলে জানিয়েছিলেন। পরে পিটিআই তিনজনের মৃত্যুর কথা জানায়। রাজ্য সরকার এ বিষয়ে এখনো কোনো বিবৃতি দেয়নি। এনডিআরএফের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, ৩১টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রশাসনের সূত্রে ৭১৪টির বেশি গ্রাম ক্ষতিগ্রস্ত হওয়ার তথ্য মিলেছে।
বিশাখাপত্তনমে শত শত গাছ উপড়ে পড়েছে। কাকিনাডায় নিচু এলাকায় পানি ঢুকেছে ও বিদ্যুতের খুঁটি ভেঙেছে। বন্যার পানিতে আটকে পড়া চারজনকে উদ্ধার করেছে পুলিশ। একাধিক বিমানবন্দরে সেবা স্থগিত রাখা হয়েছে। কিছু ট্রেন ও ফ্লাইট বাতিল হয়েছে। স্কুল-কলেজ বন্ধ রাখা হয়েছে।
ওড়িশার নবরঙ্গপুর, কোরাপুট, মালকানগিরি, গজপতি ও গঞ্জাম জেলায় লাল সতর্কতা জারি হয়েছে। পূর্বাভাস অনুযায়ী, ঝড়টি ওড়িশা পেরিয়ে দক্ষিণ ছত্তিশগড়ের দিকে যাবে। পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬
Developed By NextBarisal
মন্তব্য লিখুন