বরিশাল নিউজ বিদেশ ডেস্ক
প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৪৩ পিএম

দখলদার ইসরাইলের পার্লামেন্ট নির্বাচনে কোনো জোট সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে না। বুথফেরত জরিপে নেতানিয়াহু ও আইজেনকোটের জোট সমান আসনে।
কান ১১ ও চ্যানেল ১৩-এর বুথফেরত জরিপে দুই জোটই ৫১টি করে আসন পাচ্ছে। সরকার গঠনে নেসেটের ১২০ আসনের মধ্যে ৬১টি লাগে। বিবিসি বাংলার লাইভ প্রতিবেদন অনুযায়ী, ৭০ শতাংশ ভোট গণনার পরও কেউ সংখ্যাগরিষ্ঠতা পায়নি।
প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর লিকুদ পার্টি একক দল হিসেবে সবচেয়ে বেশি, প্রায় ২৯টি আসন পেতে পারে। গাদি আইজেনকোটের ইয়াশার পার্টি পেতে পারে প্রায় ২০টি আসন। আরব দলগুলো পেতে পারে প্রায় ১৭টি আসন, যা তাদের এ পর্যন্ত সেরা ফল।
নেতানিয়াহু বলেন, তিনি সরকারিভাবে প্রকাশিত ফলের অপেক্ষায় আছেন। জিতলে ডানপন্থী জাতীয় সরকার গঠনের কথা জানান তিনি। আরব দলের সমর্থনে টিকে থাকা সরকার ইসরাইল চালাতে পারে না বলেও মন্তব্য করেন।
আইজেনকোট বলেন, মানুষ পরিবর্তনের পক্ষে ভোট দিয়েছে। তিনি নেতানিয়াহুকে রাজনীতি থেকে সরে দাঁড়ানোর আহ্বান জানান। নতুন করে নির্বাচন দেওয়া মারাত্মক ভুল হবে বলেও মত দেন।
ভোটার উপস্থিতি প্রায় ৭৭ দশমিক সাত শতাংশ, যা ১৯৯৯ সালের পর সর্বোচ্চ বলে জানিয়েছেন নির্বাচন কর্মকর্তারা। সামরিক বাহিনীর সদস্যদের প্রায় ছয় লাখ ডাকভোট বৃহস্পতিবার, ২৯ অক্টোবরের আগে পুরোপুরি গণনা হবে না। চূড়ান্ত ফল ঘোষণার পর সরকার গঠনে ২৮ দিন সময় পান সম্ভাবনাময় নেতা। প্রয়োজনে ১৪ দিন বাড়ানো যায়। ব্যর্থ হলে নতুন নির্বাচনের বিধান রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬
Developed By NextBarisal
মন্তব্য লিখুন