বরিশাল নিউজ ডেস্ক
প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৬, ০৪:২৪ পিএম

দীর্ঘদিন অসুস্থ থাকার পর বীর মুক্তিযোদ্ধা ও চিত্রশিল্পী সাইদা কামাল মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর।
রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রবিবার, ১৮ অক্টোবর সকাল সাড়ে সাতটার দিকে তার মৃত্যু হয়। পরিবার সূত্রে জানা গেছে, তিনি নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন।
সাইদা কামাল বরিশালে জন্ম নেওয়া কবি সুফিয়া কামালের মেয়ে। তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন বড় বোন সুলতানা কামাল। তিনি সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এবং ‘আমরাই পারি’র চেয়ারপারসন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে চারুকলায় পড়েছেন সাইদা কামাল। পরে শান্তিনিকেতনের কলাভবনে নকশা বিষয়ে প্রশিক্ষণ নেন। দেশ-বিদেশে তার বহু একক ও যৌথ চিত্রপ্রদর্শনী হয়েছে।
মুক্তিযুদ্ধের সময় রণাঙ্গনে বাংলাদেশ ফিল্ড হাসপাতালে বড় বোনের সঙ্গে কাজ করেন তিনি। এ অবদানের জন্য মুক্তিযুদ্ধের সর্বাধিনায়কের বিশেষ প্রশংসাপত্র পান। তিনি বিদেশে থাকা একমাত্র মেয়েকে রেখে গেছেন।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬
Developed By NextBarisal
মন্তব্য লিখুন