বরিশাল নিউজ
প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৬, ০৮:১৭ পিএম

বরিশালের মুলাদীর সফিপুর ইউনিয়নের তিন গ্রামে রাতভর বিস্ফোরণের শব্দ শোনার অভিযোগ করেছেন স্থানীয়রা। এতে আতঙ্ক ছড়িয়েছে।
উত্তর বালিয়াতলী, উত্তর পাতারচর ও বড় লক্ষ্মীপুর গ্রামে মঙ্গলবার, ২৭ অক্টোবর রাত সাড়ে আটটা থেকে মধ্যরাত পর্যন্ত অন্তত ১৬ থেকে ১৮টি বিস্ফোরণের শব্দ শোনা যায় বলে বাসিন্দারা জানান। স্থানীয়দের দাবি, আধিপত্য ধরে রাখতে ও প্রতিপক্ষকে বার্তা দিতে এসব বিস্ফোরণ ঘটানো হচ্ছে।
বাসিন্দাদের বর্ণনায় উত্তর বালিয়াতলীতে রাত সাড়ে আটটার দিকে পরপর চারটি শব্দ শোনা যায়। বড় লক্ষ্মীপুরে রাত নয়টার দিকে আরও চার-পাঁচটি বিস্ফোরণ হয়। উত্তর পাতারচর ও উত্তর বালিয়াতলীতে রাত ১০টার দিকে পাঁচ-ছয়টি শব্দ শোনা যায়। কিছু সময় বিরতির পর রাত ১২টার দিকে আবারও একাধিক বিস্ফোরণের শব্দ আসে।
বড় লক্ষ্মীপুরের বাসিন্দা মোহাম্মদ সফিউল্লাহ ঘরামী বলেন, ১৮ অক্টোবর রাতে সফিপুর খেয়াঘাটে মাছঘাটের দ্বন্দ্বে দুই পক্ষ ধাওয়া-পাল্টা ধাওয়ায় জড়ায়। ওই রাতে প্রায় ৩৫টি হাতবোমার বিস্ফোরণ হয়। মামলার পর পুলিশ ২০ অক্টোবর বড় লক্ষ্মীপুর থেকে জামাল পালোয়ানকে গ্রেপ্তার করে।
সফিউল্লাহ ঘরামীর ভাষ্য, ওই রাতেই উত্তর পাতারচর ও বড় লক্ষ্মীপুরে ১৫ থেকে ২০টি হাতবোমা ফাটে। শিশু ও বৃদ্ধদের মধ্যে আতঙ্ক আছে। অনেকে ভয়ে রাতে ঘর থেকে বের হচ্ছেন না বলে তিনি জানান।
উত্তর বালিয়াতলীর বাসিন্দা আনসারুল্লাহ বলেন, তার ধারণা সফিপুরে একাধিক দল হাতবোমা তৈরি করে। তার ভাষ্য, ২৩ অক্টোবর রাতে উত্তর বালিয়াতলীতে হাতবোমা বানানোর সময় ছয় যুবক আহত হন। তাদের দুজনের অবস্থা আশঙ্কাজনক।
মুলাদী থানার ওসি খন্দকার মো. সোহেল রানা বলেন, ‘গতকাল রাতের বিস্ফোরণের ঘটনায় কেউ লিখিত অভিযোগ করেননি। তবে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে কয়েকজন যুবক আহত হওয়ার খবর পাওয়ার পর বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। শিগগিরই সফিপুর ইউনিয়নের বিভিন্ন স্থানে অভিযান চালানো হবে।’
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬
Developed By NextBarisal
মন্তব্য লিখুন