Advertise top
রাজনীতি

লক্ষ্মীপূজার দাওয়াত থেকে যুবলীগ-ছাত্রলীগের নেতা-কর্মী আটক

বরিশাল নিউজ

প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৬, ০৭:০২ পিএম    

লক্ষ্মীপূজার দাওয়াত থেকে যুবলীগ-ছাত্রলীগের নেতা-কর্মী আটক
ঘটনাস্থলের দৃশ্য। সংগৃহীত

বরিশালের গৌরনদীতে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ ও ছাত্রলীগের সাতজনকে আটক করেছে পুলিশ। পরিবার বলছে, তারা লক্ষ্মীপূজার দাওয়াতে গিয়েছিলেন।

 

উপজেলার মাহিলাড়া ইউনিয়ন পরিষদের সদ্য সাবেক চেয়ারম্যান সৈকত গুহ পিকলুর বাসা থেকে রবিবার, ২৫ অক্টোবর সন্ধ্যার দিকে তাদের আটক করা হয়। পিকলু কার্যক্রম নিষিদ্ধ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক।

 

পুলিশের তথ্য অনুযায়ী, আটক ব্যক্তিদের মধ্যে আছেন পিকলুর ছোট ভাই সলিল গুহ পিন্টু। তিনি উপজেলা যুবলীগের সাবেক সদস্য। অন্যরা হলেন মহিবুল আলম খোকন, মিঠুন হালদার, ওয়াসকুরনী আকন ও পলাশ হাওলাদার। পৌরসভা ৯ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি মাসুম সরদারও আটক হয়েছেন।

 

আটক ব্যক্তিদের পরিবারের সদস্যরা বলছেন, তারা পিকলুর বাসায় লক্ষ্মীপূজার দাওয়াতে এসেছিলেন।

 

সৈকত গুহ পিকলু বলেন, “বাড়িতে লক্ষ্মীপূজার অনুষ্ঠান চলছিল। ওই অনুষ্ঠানে শুভাকাঙ্ক্ষীদের দাওয়াত দেওয়া হয়েছিল।” তার অভিযোগ, “সন্ধ্যায় বিএনপির কতিপয় কর্মী-সমর্থক আমাদের বাড়িতে এসে মব সৃষ্টি করে দাওয়াতে আসা ছয়জনসহ আমার ছোট ভাই পিন্টু গুহকে পুলিশের হাতে তুলে দিয়েছে।”

 

গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান রাসেল জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার পর আদালতে পাঠানো হবে।


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal