Advertise top
আদালত-অপরাধ

উজিরপুরে চক্ষু উৎপাটন, ১৫ বছর পরে রায়

বরিশাল নিউজ

প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৬, ০৩:৫২ পিএম       

উজিরপুরে একই পরিবারের ৬ জনের সাজা
বরিশাল আদালত ভবন । ফাইল ছবি

ইউনিয়ন পরিষদ নির্বাচনের বিরোধে একজনের চোখ নষ্টের দায়ে একই পরিবারের ছয়জনের কারাদণ্ড হয়েছে। ঘটনার ১৫ বছর পর রায় হলো।

 

বরিশাল সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ অলিউল ইসলাম সোমবার, ২৬ অক্টোবর এ রায় ঘোষণা করেন। রায়ের সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। পরে তাদের বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

 

সেলিম সিকদার ও আবুল বাশার সিকদারকে সাত বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। তাদের ২৫ হাজার টাকা জরিমানাও করা হয়, অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড। ইউনুস সিকদার, আনিস সিকদার, নজরুল সিকদার ও জামাল সিকদার পেয়েছেন এক বছর করে সশ্রম কারাদণ্ড। প্রত্যেককে ১০০০ টাকা জরিমানা করা হয়েছে, অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড।

 

আদালত সূত্রে জানা গেছে, ২০১১ সালে উজিরপুরের শোলক ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য পদে প্রার্থী ছিলেন সেলিম সিকদার। ওই নির্বাচনে প্রতিপক্ষের হয়ে কাজ করায় একই গ্রামের আকন পরিবারের সঙ্গে বিরোধ তৈরি হয়।

 

মামলার অভিযোগ অনুযায়ী, এর জের ধরে ২০১১ সালের ১৪ এপ্রিল সন্ধ্যায় ইউসুফ আকনকে হাত-পা বেঁধে সেলিম, বাশারসহ স্বজনরা নিজেদের বাড়িতে নিয়ে যান। সেখানে তার দুই চোখের ক্ষতি করা হয়।

 

ঘটনার পরদিন ১৫ এপ্রিল ইউসুফের ভাই ইউনুস আকন উজিরপুর মডেল থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেন। আসামি ছিলেন ১৪ জন। আদালত ২০ জন সাক্ষীর মধ্যে ১৪ জনের সাক্ষ্য গ্রহণ করেন।

 

ট্রাইব্যুনালের সরকারি আইন কর্মকর্তা (পিপি) কাজী বসির উদ্দিন বলেন, “প্রায় ১৫ বছর পরে মামলাটির রায় হয়েছে। আদালতের এই রায়ে আমরা খুশি। বাদীপক্ষ ন্যায়বিচার পেয়েছে।”


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal