বরিশাল নিউজ
প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৬, ০৬:৫৪ পিএম

বরিশালের উজিরপুরে বিএনপির ইউনিয়ন যুগ্ম সাধারণ সম্পাদক কাঞ্চন মোল্লা আজীবন বহিষ্কার হয়েছেন। কাওছার হাওলাদার হত্যা মামলার এজাহারে তার নাম আছে।
উপজেলা বিএনপির সভাপতি এস সরফুদ্দিন আহমেদ সান্টু, জ্যেষ্ঠ সহসভাপতি এসএম আলাউদ্দিন ও সাধারণ সম্পাদক মো. হুমায়ুন খানের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে রবিবার, ২৫ অক্টোবর সিদ্ধান্তটি জানানো হয়। মো. কাঞ্চন মোল্লা সাতলা ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, তিনি দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেছেন। দলের নীতি-আদর্শ ও সংহতিবিরোধী কর্মকাণ্ডে জড়িয়ে ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগও আনা হয়েছে। এসব কারণে তাকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়।
হত্যা মামলার এজাহারে কাঞ্চন মোল্লা ছয় নম্বর আসামি। এ বিষয়ে তার বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
সাতলা এলাকায় যুবদল কর্মী কাওছার হাওলাদারকে (৩৭) কুপিয়ে হত্যার অভিযোগ ওঠে। এর পর শনিবার, ২৪ অক্টোবর রাত আটটার দিকে গ্রেপ্তার দুজনসহ তিন আসামির বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ ওঠে।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬
Developed By NextBarisal
মন্তব্য লিখুন