Advertise top
আদালত-অপরাধ

এতিমখানার মাছ নেওয়ায় দুজনকে জরিমানা

বরিশাল নিউজ, পটুয়াখালী

প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৬, ০৯:০৫ পিএম    

এতিমখানার মাছ নেওয়ায় দুজনকে জরিমানা
মাছসহ আটক মাদ্রাসাশিক্ষক। বরিশাল নিউজ ডটকম

পটুয়াখালীর গলাচিপায় এতিমখানার জন্য বরাদ্দ মাছ বাড়িতে নেওয়ায় এক মাদ্রাসাশিক্ষকসহ দুজনকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

 

উপজেলা মৎস্য বিভাগ মঙ্গলবার, ২৭ অক্টোবর মা ইলিশ সংরক্ষণ অভিযানে প্রায় ২৫ কেজি ইলিশ ও অন্যান্য মাছ জব্দ করে। নদী থেকে অবৈধভাবে ধরা এসব মাছ তিনটি মাদ্রাসা ও একটি এতিমখানায় বিতরণের সিদ্ধান্ত হয়।

 

বিতরণ শেষে অভিযোগ ওঠে, কিছু মাছ প্রতিষ্ঠানে না গিয়ে বাড়িতে নেওয়া হয়েছে। অভিযোগের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবুজর মো. ইজাজুল হক এবং সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ভিক্টর বাইন প্রতিষ্ঠানগুলো পরিদর্শনে যান।

 

মোহাম্মদ ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসা তালাবদ্ধ পান কর্মকর্তারা। পরে শিক্ষক মোহাম্মদ আব্দুল্লাহকে ডেকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেন। তিনি জানান, তার প্রতিষ্ঠান আবাসিক নয়। তাই মাছ নিজের বাড়িতে নিয়ে স্থানীয় বাসিন্দা আবুল হোসেনের (৫৫) সঙ্গে ভাগ করে নেন।

 

অন্য দুই মাদ্রাসায় মাছ পৌঁছেছে বলে নিশ্চিত হন কর্মকর্তারা। এতিমখানার মাছ বাড়িতে নেওয়ার দায়ে মোবাইল কোর্ট আইনে দুজনকে ৪০ হাজার টাকা করে মোট ৮০ হাজার টাকা জরিমানা করা হয়।

 

রতনদি তালতলী ইউনিয়নের বন্যাতলী খেয়াঘাট-সংলগ্ন এলাকায় রাত নয়টার দিকে এ অভিযান চলে। সে সময় স্থানীয় ইউপি সদস্যসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal