Advertise top
বাংলাদেশ

বিআরটিসির প্রশিক্ষণে মধ্যপ্রাচ্যে চাকরির সুযোগ

বরিশাল নিউজ ডেস্ক

প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৬, ০৩:২৩ পিএম    

বিআরটিসির প্রশিক্ষণে মধ্যপ্রাচ্যে চাকরির সুযোগ
বরিশাল কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র । ফাইল ছবি

সড়ক নিরাপদ করতে ও বিদেশে কর্মসংস্থান বাড়াতে ৬৮ হাজার চালককে প্রশিক্ষণ দেবে বিআরটিসি। এতে মধ্যপ্রাচ্যে চাকরির সুযোগও তৈরি হবে।

 

বিশ্বব্যাংকের অর্থায়নে ‘বাংলাদেশ রোড সেফটি প্রজেক্ট’-এর আওতায় ৬০ হাজার চালক প্রশিক্ষণ পাবেন। এর মধ্যে ৪০ হাজার নতুন তরুণ। বাকি ২০ হাজার কর্মরত পেশাদার চালক পাবেন রিফ্রেসার প্রশিক্ষণ। চারটি প্রশিক্ষণ ইনস্টিটিউট ও ২৩টি কেন্দ্রে ২০২৬ সালের মে থেকে ২০২৮ সালের জুন পর্যন্ত এ প্রশিক্ষণ চলবে।

 

এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়নে ‘স্কিলস ফর ইন্ডাস্ট্রি ইনোভেশন’ কর্মসূচিতে আরও ৮ হাজার নতুন চালক প্রশিক্ষণ নেবেন। তাদের ইংরেজি ও আরবিতে যোগাযোগের দক্ষতায় বিশেষ জোর দেওয়া হবে। লক্ষ্য মধ্যপ্রাচ্যের চাকরির বাজার।

 

প্রশিক্ষণের মেয়াদ ৩৬০ ঘণ্টা। এতে আত্মরক্ষামূলক ড্রাইভিং, গাড়ির রক্ষণাবেক্ষণ ও যান্ত্রিক ত্রুটি শনাক্তের পাঠ থাকবে। নারীদের ড্রাইভিং পেশায় আসতে উৎসাহ দিতে প্রকল্পে জেন্ডার অ্যাকশন প্ল্যানও রাখা হয়েছে।

 

বিআরটিসির প্রাক্কলন ও কাজের গুণগত মান নিয়ন্ত্রণ বিভাগের মহাব্যবস্থাপক ফাতেমা বেগম জানান, বিশ্বব্যাংকের প্রকল্পে প্রথম দফায় প্রায় ৬ হাজার ৪০০ নতুন চালকের প্রশিক্ষণ শেষ হয়েছে। এখন দ্বিতীয় দফায় প্রায় ৬ হাজার ৬০০ জন প্রশিক্ষণ নিচ্ছেন। তার ভাষ্য, উদ্যোগটি সড়ক নিরাপত্তা উন্নয়নে বড় ভূমিকা রাখবে।

 

এডিবির কর্মসূচির কাজ ২০২৪ সালের ১ জুলাই থেকে শুরু হয়েছে। এ পর্যন্ত চার ধাপে ২ হাজার ৮৫০ জন প্রশিক্ষণ শেষ করেছেন। পঞ্চম ধাপে আছেন ৬৫০ জন। সফল প্রশিক্ষণার্থীরা সরকারি সনদ ও বিনামূল্যে পেশাদার ড্রাইভিং লাইসেন্স পেয়েছেন। আগ্রহী চালকদের নিকটস্থ প্রশিক্ষণ কেন্দ্রে যোগাযোগ করতে বলা হয়েছে।


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal