Advertise top
বাংলাদেশ

টোকিওতে টেক পার্কের প্রস্তাব প্রধানমন্ত্রীর

বরিশাল নিউজ ডেস্ক

প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৬, ০২:৩৩ পিএম    

টোকিওতে টেক পার্কের প্রস্তাব প্রধানমন্ত্রীর
জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: পিএমও

গবেষণা ও প্রযুক্তিনির্ভর অর্থনীতি গড়তে জাপানের সঙ্গে যৌথ টেক পার্ক চান প্রধানমন্ত্রী তারেক রহমান। টোকিওর বৈঠকে তিনি এ প্রস্তাব দেন।

 

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে দ্বিপক্ষীয় শীর্ষ বৈঠক করেছেন তারেক রহমান। প্রধানমন্ত্রীর কার্যালয় ‘কান্তেই’-তে মঙ্গলবার, ২৭ অক্টোবর এ বৈঠক হয়।

 

প্রস্তাবিত টেক পার্কে কৃত্রিম বুদ্ধিমত্তা, ক্লাউড কম্পিউটিং, রোবোটিকস ও ইলেকট্রনিকস উৎপাদনকে অগ্রাধিকার দেওয়ার কথা বলেন তিনি। এর মাধ্যমে জাপানি কোম্পানি, বিশ্ববিদ্যালয় ও বিনিয়োগকারীদের সঙ্গে বাংলাদেশের তরুণ উদ্যোক্তা ও দক্ষ জনশক্তির সংযোগ ঘটানোর কথাও জানান। মহাকাশবিজ্ঞান ও স্যাটেলাইট প্রকৌশলে সহযোগিতার আগ্রহও প্রকাশ করেন তিনি।

 

বৈঠকে জ্বালানি, অবকাঠামো ও আইসিটি খাতে এক ট্রিলিয়ন জাপানি ইয়েনের বেসরকারি বিনিয়োগ নিয়ে কথা হয়। মার্কিন ডলারে এর পরিমাণ ৬.৩ বিলিয়ন। পরিকল্পনা বাস্তবায়নে দ্রুত জাপানি প্রতিনিধিদল পাঠানোর বিষয়টিও গুরুত্ব পায়। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব শাহাদাৎ স্বাধীন এ তথ্য জানান।

 

জ্বালানি নিরাপত্তা নিয়ে তারেক রহমান বলেন, “দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি অব্যাহত রাখতে নির্ভরযোগ্য ও সাশ্রয়ী জ্বালানি সরবরাহ নিশ্চিত করা অপরিহার্য।” এলএনজি অবকাঠামো, দক্ষ বিদ্যুৎ উৎপাদন ও নবায়নযোগ্য জ্বালানিতে জাপানি বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান তিনি। ‘পার্টনারশিপ ফর পাওয়ার এশিয়া’ উদ্যোগে সম্প্রতি ৫০ বিলিয়ন ইয়েনের জরুরি সহায়তা ঋণের কথাও উল্লেখ করেন।

 

যোগাযোগ খাতে ছয়টি বিভাগীয় শহরকে যুক্ত করে দ্রুতগতির রেল নেটওয়ার্ক ও দেশব্যাপী উড়াল সড়কের পরিকল্পনা তুলে ধরেন প্রধানমন্ত্রী। এসব প্রকল্পে পরিকল্পনা, কারিগরি সহায়তা ও অর্থায়নে জাপানের সহযোগিতা চান তিনি।


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal