Advertise top
প্রবাস

মালয়েশিয়ায় কর্মী পাঠানো শুরু; ১০ হাজার কর্মী বিনা খরচে

বরিশাল নিউজ ডেস্ক

প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৬, ০৯:৪৪ পিএম    

মালয়েশিয়ায় কর্মী পাঠানো শুরু; ১০ হাজার কর্মী বিনা খরচে
মালয়েশিয়াগামী কর্মী। ফাইল ছবি

মালয়েশিয়ায় কর্মী পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে বাংলাদেশ থেকে। সরকারের বিশেষ অনুরোধে ১০ হাজার বাংলাদেশি কর্মীকে বিনা খরচে নিতে নীতিগতভাবে রাজি হয়েছে দেশটি।

 

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার, ১৫ অক্টোবর এ তথ্য জানানো হয়। এতে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর প্রক্রিয়া নতুন করে শুরু হচ্ছে।

 

মালয়েশিয়া কর্তৃপক্ষ মোট ৩৩৮টি এজেন্সি তালিকাভুক্ত করতে সম্মত হয়েছে। এর মধ্যে আছে বোয়েসেল, ২৫টি প্রসেসিং বা সার্ভিস এজেন্সি এবং ৩১২টি রিক্রুটিং এজেন্সি।

 

রিক্রুটিং এজেন্সিগুলো নিজেরাই মালয়েশিয়ায় নিয়োগকর্তা খুঁজবে। তারা চাহিদাপত্র সংগ্রহ করবে এবং বাংলাদেশে কর্মী বাছাই করবে। কলিং ভিসা ও ই-ভিসার কাজে সহায়তা দেবে বোয়েসেলসহ ২৫টি প্রসেসিং বা সার্ভিস এজেন্সি। পরে বাংলাদেশের আইন মেনে কর্মীদের বিএমইটি ছাড়পত্রের কাজ করবে সংশ্লিষ্ট রিক্রুটিং এজেন্সি।

 

স্বাস্থ্য পরীক্ষার জন্য অনুমোদিত মেডিকেল সেন্টারের তালিকা এখনো চূড়ান্ত হয়নি। মন্ত্রণালয় জানায়, মালয়েশিয়ার ওয়েবসাইটে থাকা কেন্দ্রগুলো থেকে অনিয়মের সঙ্গে সংশ্লিষ্টদের বাদ দিয়ে আপাতত কাজ শুরু হবে।

 

পরে মালয়েশিয়ার স্বাস্থ্য, মানবসম্পদ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যৌথ দল বাংলাদেশে আসবে। তারা কেন্দ্রগুলো পরিদর্শন করে নতুন নীতিমালা অনুযায়ী পূর্ণাঙ্গ তালিকা চূড়ান্ত করবে। কোনো একটি কেন্দ্রকে এককভাবে পরীক্ষার সুযোগ দেওয়া হবে না।

 

মন্ত্রণালয়ের ভাষ্য, নিয়োগ স্বচ্ছ ও প্রতিযোগিতামূলক করা এবং কর্মীদের স্বার্থ রক্ষাই সরকারের লক্ষ্য।

 


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal