Advertise top
গণমাধ্যম

প্রেস কাউন্সিল চায় বাড়তি ক্ষমতা

বরিশাল নিউজ ডেস্ক

প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৬, ০২:৪৫ পিএম    

প্রেস কাউন্সিল চায় বাড়তি ক্ষমতা
বাংলাদেশ প্রেস কাউন্সিল । ফাইল ছবি

অপসাংবাদিকতা ও গুজব ঠেকাতে ১৯৭৪ সালের আইনে ১৯টি নতুন ক্ষমতা চেয়েছে বাংলাদেশ প্রেস কাউন্সিল।

 

সংসদীয় স্থায়ী কমিটিতে জমা দেওয়া লিখিত প্রস্তাবে সংস্থাটি এ দাবি জানিয়েছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়-সম্পর্কিত কমিটির বৈঠকে মঙ্গলবার, ১৩ অক্টোবর প্রতিবেদনটি জমা পড়ে। কমিটিতে এ নিয়ে এখনো আলোচনা হয়নি।

 

প্রস্তাবে বলা হয়েছে, আইনটি যুগোপযোগী করা জরুরি। চাওয়া ক্ষমতার মধ্যে আছে সাংবাদিকদের নিবন্ধন ও সনদ দেওয়া এবং ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ। অনলাইন সংবাদমাধ্যমকে কাউন্সিলের আওতায় আনা, আচরণবিধি তৈরি ও আর্থিক জরিমানার বিধানও চাওয়া হয়েছে। প্রচারসংখ্যার ভিত্তিতে সংবাদপত্রের কাছ থেকে লেভি আদায়ের প্রস্তাবও আছে।

 

জাতীয় অখণ্ডতা, সার্বভৌমত্ব বা জনস্বার্থ ক্ষুণ্ন হয়, এমন সংবাদের বিরুদ্ধে স্বপ্রণোদিত ব্যবস্থার ক্ষমতাও চাওয়া হয়েছে। গুজব, ভুয়া খবর ও ঘৃণামূলক বক্তব্যের ক্ষেত্রেও একই ক্ষমতা চায় সংস্থাটি।

 

আওয়ামী লীগ সরকারের সময় ২০২২ সালের জুনে একই ধরনের সংশোধনীর খসড়ায় মন্ত্রিসভা নীতিগত অনুমোদন দেয়। শেষ পর্যন্ত আইন সংশোধন হয়নি।

 

সংবাদপত্র মালিকদের সংগঠন নোয়াবের সভাপতি মতিউর রহমান চৌধুরী বলেন, স্বপ্রণোদিত ক্ষমতা দেওয়া হলে তা স্বাধীন সাংবাদিকতার অন্তরায় হবে। আইন সংশোধনের আগে অংশীজনদের সঙ্গে আলোচনা করতে হবে বলেও তিনি জানান।

 

সাবেক গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ বলেন, তথ্য মন্ত্রণালয়ের অধীন সংস্থাকে স্বপ্রণোদিত আদেশের ক্ষমতা দেওয়া যায় না। তার মতে, প্রেস কাউন্সিলের বিলোপ ঘটিয়ে স্বাধীন ও স্থায়ী কমিশন গঠন করা উচিত।

 


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal