Advertise top
শিক্ষা

বরিশালসহ দেশের ৪টি ইঞ্জিনিয়ারিং কলেজ আইইটিতে রুপান্তর হচ্ছে

বরিশাল নিউজ

প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৬, ০৫:১০ পিএম       

বরিশালসহ দেশের ৪টি ইঞ্জিনিয়ারিং কলেজ  আইইটিতে রুপান্তর হচ্ছে
বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজ। ফাইল ফটো।

বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজকে  ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজিতে (আইইটি) রূপান্তরের উদ্যোগ নিয়েছে সরকার। এজন্য শিক্ষা প্রতিষ্ঠানটিকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) অধীনে নেয়া হবে। শিক্ষার্থীদেরও দাবি ছিল স্বতন্ত্র পরিচয়ের। 

 

শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের কারিগরি শাখা থেকে গত ৫ অক্টোবর এ সংক্রান্ত চিঠি জারি করা হয়।

 

চিঠিতে বলা হয় বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজ ছাড়াও ফরিদপুর, ময়মনসিংহ ও সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজকে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের অধীনে ইনস্টিটিউটে রূপান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে। এজন্য চারটি কলেজের বিদ্যমান আইনগত ভিত্তি পর্যালোচনা করে প্রয়োজনীয় সুপারিশসহ প্রস্তাব তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। বিষয়টি জানিয়ে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদের কাছেও চিঠি পাঠিয়েছে মন্ত্রণালয়।

 

শিক্ষা মন্ত্রণালয়ের চিঠিতে রূপান্তরের নির্দিষ্ট সময়সীমা কিংবা বাস্তবায়নের বিস্তারিত প্রক্রিয়া উল্লেখ করা হয়নি। বরং বিদ্যমান আইনি কাঠামো পর্যালোচনা করে প্রয়োজনীয় সংস্কার ও ধাপে ধাপে বাস্তবায়নের পদক্ষেপসহ প্রস্তাব তৈরির নির্দেশ দেওয়া হয়েছে।

 

বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যক্ষের অতিরিক্ত দায়িত্বে থাকা সহযোগী অধ্যাপক মো.লিটন রাব্বানী বলেন, বিষয়টি নিয়ে মন্ত্রণালয়ে একাধিকবার বৈঠক হয়েছে। ওই বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী মন্ত্রণালয় ইউজিসিকে চিঠি দিয়েছে। তবে এখন পর্যন্ত ইউজিসি থেকে তাদের সঙ্গে যোগাযোগ করা হয়নি।

 

বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.মো. মামুন অর রশিদ সাংবাদিকদের বলেন, বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজকে বিশ্ববিদ্যালয়ের অধীনে ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজিতে রূপান্তরের প্রস্তাবটি শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগের অংশ। মন্ত্রণালয় ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের নির্দেশনা অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।'

 

উল্লেখ্য বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজ ৮ ফেব্রুয়ারি ২০১৮ সালে আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয়। এর আগে ২০১৭ সালের ১৬ নভেম্বর এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি লাভ করে এবং ২০১৭-১৮ শিক্ষাবর্ষ থেকে এর কার্যক্রম শুরু হয়।


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal