বরিশাল নিউজ ডেস্ক
প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৬, ০৩:৪২ পিএম

ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির সব ছাত্রীকে উপবৃত্তি দেবে সরকার। ঝরে পড়া ও বাল্যবিবাহ কমাতে নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন হচ্ছে।
স্কুল, কলেজ ও মাদ্রাসার ৭৩ লাখ ২২ হাজার ছাত্রী উপবৃত্তি ও বিনা বেতনে পড়ার সুযোগ পাবে। এতে ২০২৬-২৭ অর্থবছরে সুবিধাভোগী শিক্ষার্থী দাঁড়াবে ৯৯ লাখ ৩৪ হাজারে।
ছাত্রদের ক্ষেত্রে দারিদ্র্যভিত্তিক মূল্যায়ন বহাল থাকছে। চলতি অর্থবছরে উপবৃত্তি খাতে ব্যয় ধরা হয়েছে ৪ হাজার ৬৯৮ কোটি ৬৮ লাখ টাকা।
শিক্ষা মন্ত্রণালয়ের সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রামের আওতায় 'সমন্বিত উপবৃত্তি কর্মসূচি'র পরিধি বাড়ানো হয়েছে। বিএনপির নির্বাচনী ইশতেহারের অঙ্গীকার অনুযায়ী এ উদ্যোগ নেওয়া হয়। প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা মাহদী আমিন বলেন, এতে প্রান্তিক পরিবারের ওপর মেয়েদের পড়াশোনার খরচের চাপ কমবে।
উপবৃত্তি ধরে রাখতে ন্যূনতম ৭৫ শতাংশ উপস্থিতি ও বার্ষিক পরীক্ষায় অন্তত ৪৫ শতাংশ নম্বর লাগবে। শিক্ষা বোর্ডের নিবন্ধন এবং উচ্চ মাধ্যমিক পর্যন্ত অবিবাহিত থাকাও বাধ্যতামূলক। দেশের অনগ্রসর ২২টি উপজেলার আবেদনের যোগ্য সব শিক্ষার্থী শতভাগ উপবৃত্তি পাবেন। এর মধ্যে ১২টি নতুন যুক্ত হয়েছে।
অর্থ যাবে সরকার থেকে ব্যক্তি (জিটুপি) পদ্ধতিতে, সরাসরি শিক্ষার্থী বা অভিভাবকের ব্যাংক কিংবা মোবাইল হিসাবে। স্কিম পরিচালক মোহাম্মদ আসাদুল হক জানান, প্রধানমন্ত্রীর মাধ্যমে ডিসেম্বরে কর্মসূচি উদ্বোধনের কথা রয়েছে।
কর্মসূচির উপপরিচালক প্রফেসর সাইফুল আলম একটি চ্যালেঞ্জের কথা জানান। তার ভাষ্য, বেশি বেতন নেওয়া কিছু প্রতিষ্ঠান কর্মসূচির আওতায় আসতে চায় না। এতে সেখানকার দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীরা বঞ্চিত হতে পারে। এ জন্য তিনি বাধ্যতামূলক নির্দেশনার প্রয়োজনের কথা বলেন।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬
Developed By NextBarisal
মন্তব্য লিখুন