বরিশাল নিউজ
প্রকাশ : ১২ অক্টোবর ২০২৬, ০৭:২৬ পিএম

শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদ্যাপনে বরিশাল অঞ্চলের ১ হাজার ৭১৮টি মণ্ডপে প্রস্তুতি চূড়ান্ত হয়েছে। নগরীর প্রতি মণ্ডপে পুলিশ ও আনসার থাকবে।
বরিশাল মহানগরীর ৯০টি মণ্ডপে এবার দুর্গাপূজা হবে। পুলিশ ও প্রশাসন সূত্রে জানা গেছে, এর মধ্যে ৮৫টি সার্বজনীন ও পাঁচটি পারিবারিক মণ্ডপ।
সূত্র জানায়, নগরীর প্রতিটি মণ্ডপে দুজন সশস্ত্র পুলিশ এবং পাঁচজন সশস্ত্র ও নিরস্ত্র আনসার সদস্য মোতায়েন থাকবেন। পাঁচ-ছয়টি মণ্ডপের জন্য থাকবে পুলিশের একটি করে টহল দল। এর বাইরে গোয়েন্দা পুলিশের ভ্রাম্যমাণ দল ও মণ্ডপভিত্তিক নজরদারি চলবে। এসআরবির একাধিক দলও পুলিশের সঙ্গে সমন্বয় করে টহল দেবে।
যেকোনো দুর্ঘটনা ঠেকাতে ফায়ার সার্ভিসকে সার্বক্ষণিক প্রস্তুত রাখা হচ্ছে। নগরীর তিন স্থানে প্রতিমা বিসর্জন হবে। সেখানেও ফায়ার সার্ভিসের সদস্যরা দায়িত্বে থাকবেন।
বরিশাল রেঞ্জের ৪২টি উপজেলায় আরও ১ হাজার ৬২৮টি মণ্ডপে পূজার প্রস্তুতি চূড়ান্ত হয়েছে। তবে এর মধ্যে সার্বজনীন ও পারিবারিক মণ্ডপের সংখ্যা জানাতে পারেনি পুলিশের বরিশাল রেঞ্জ কার্যালয়। নিরাপত্তায় কতজন পুলিশ ও অন্য বাহিনীর সদস্য থাকবেন, তাও এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছে কার্যালয়টি।
এবার পূজা উপলক্ষে ছুটি এক দিন বাড়ানোয় টানা পাঁচ দিন ছুটি পাওয়া যাবে। ফলে অনেকে গ্রামের বাড়িতে যাবেন বলে আশা করা হচ্ছে। নগরীর শপিং মল ও বিভিন্ন দোকানে ক্রেতাদের বাড়তি ভিড় দেখা যাচ্ছে।
জেলা প্রশাসনগুলো আশা করছে, পুরো দক্ষিণাঞ্চলে উৎসবের আমেজ ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পূজা উদ্যাপিত হবে।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬
Developed By NextBarisal
মন্তব্য লিখুন