Advertise top
আদালত-অপরাধ

বরিশালে মাদক অপরাধই শীর্ষে

বরিশাল নিউজ

প্রকাশ : ১১ অক্টোবর ২০২৬, ১১:২৬ পিএম    

বরিশালে মাদক অপরাধই শীর্ষে
বরিশাল জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় জেলা প্রশাসক মোহাম্মদ মামুন খন্দকার। বরিশাল নিউজ ডটকম

বরিশাল মহানগর ও জেলায় সেপ্টেম্বরে নথিভুক্ত ৪৭১ অপরাধের ২১৪টিই মাদকসংক্রান্ত। গত বছরের একই মাসের চেয়ে অপরাধ বেড়েছে ১৬০টি।

 

জেলা প্রশাসক মোহাম্মদ মামুন খন্দকারের সভাপতিত্বে রবিবার, ১১ অক্টোবর জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা হয়। সভায় পুলিশ ও জেলা প্রশাসনের পরিসংখ্যান তুলে ধরা হয়।

 

মাদকসংক্রান্ত ২১৪ ঘটনার মধ্যে মহানগরে ৫১টি, জেলা পুলিশের এলাকায় ১৬৩টি। মোট অপরাধের মধ্যে মহানগরে ১৪২টি, জেলায় ৩২৯টি। গত বছরের সেপ্টেম্বরে মোট অপরাধ ছিল ৩১১টি। চলতি বছরের আগস্টে ছিল ৪৬৬টি।

 

মহানগরে ছয়টি চুরি, তিনটি সিঁধেল চুরি, ১৬টি নারী নির্যাতন, দুটি খুন ও পাঁচটি ধর্ষণের ঘটনা নথিভুক্ত হয়েছে। জেলায় ১২টি চুরি, নয়টি সিঁধেল চুরি, ২৭টি নারী নির্যাতন, দুটি খুন ও সাতটি ধর্ষণের তথ্য রয়েছে।

 

সেপ্টেম্বরে ৯৯টি ভ্রাম্যমাণ আদালত চলে। ১৭৮টি মামলায় জরিমানা আদায় হয় ৮ লাখ ৭৪ হাজার ১৭০ টাকা। কারাদণ্ড পান ৯৫ জন। এর মধ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৫৭টি আদালতে ৯৩টি মামলায় ৭০ হাজার ৭৮০ টাকা জরিমানা হয়। এই আইনে ৯৫ জনের কারাদণ্ড হয়।

 

মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাং দমনে অভিযান আরও জোরদার করার সিদ্ধান্ত হয়। অপরাধপ্রবণ এলাকায় নজরদারি বাড়ানো হবে।

 

সভা সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উপমা ফারিসা। উপস্থিত ছিলেন পুলিশ সুপার এ জেড এম মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত উপপুলিশ কমিশনার বেলাল হোসাইন, বীর মুক্তিযোদ্ধা নূরুল আলম ফরিদ ও বরিশাল প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক আমিনুল ইসলাম খসরু।

 


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal