বরিশাল নিউজ প্রযুক্তি ডেস্ক
প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৬, ০৪:২৪ পিএম

ক্রিপ্টোগ্রাফির মৌলিক গাণিতিক সমস্যায় এআইয়ের সাফল্যের গুঞ্জনে উদ্বেগ বাড়ছে। স্কট অ্যারনসনসহ বিশেষজ্ঞরা বড় কোনো আবিষ্কারের আশঙ্কা করছেন।
গার্ডিয়ানের প্রতিবেদন অনুযায়ী, সাম্প্রতিক সপ্তাহে এআই কোম্পানিগুলো কয়েকটি গাণিতিক প্রমাণ প্রকাশ করেছে। এর একটি কঠিন গাণিতিক সমস্যার শ্রেণিবিন্যাস নিয়ে। তাত্ত্বিক কম্পিউটার বিজ্ঞানী স্কট অ্যারনসন লিখেছেন, তিনি একাধিক নির্ভরযোগ্য সূত্র থেকে প্রায় নিশ্চিত যে এআই কোম্পানিগুলোর হাতে ক্রিপ্টোগ্রাফিতে এক বা একাধিক বড় আবিষ্কার আছে।
বিশেষজ্ঞরা বলছেন, হয় এআই এনক্রিপশন ভাঙার নতুন পথ পেয়েছে, নয়তো দেখিয়েছে যে এমন শর্টকাট নেই। প্রথমটি সত্য হলে ব্যাংকিং লেনদেন, কূটনৈতিক বার্তা ও ব্যক্তিগত ইমেইল ঝুঁকিতে পড়তে পারে। অ্যারনসন বলেন, এখন পর্যন্ত কোনো কোম্পানি এ নিয়ে নির্দিষ্ট ঘোষণা দেয়নি। তবে 'ওয়াকিবহাল সবাই' ধরে নিচ্ছেন যে আবিষ্কার আছে।
ইউনিভার্সিটি কলেজ লন্ডনের অধ্যাপক স্টিভেন মার্ডক বলেন, এআই আকর্ষণীয় গণিত করতে পারে না বলে যারা ভাবতেন, তারা ভুল ছিলেন। গণিতবিদ মার্কাস ডু সটয় বিবিসি রেডিও ফোরকে বলেন, এর ব্যাপক প্রভাব তারা জানেন না।
সারে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অ্যালান উডওয়ার্ড সতর্ক করে বলেন, এমন আবিষ্কার হলেও সপ্তাহের মধ্যে এনক্রিপশন ভেঙে পড়বে না। তবে দ্রুত পরিবর্তনে সক্ষম প্রতিষ্ঠানগুলোই নিরাপদ থাকবে। অ্যারনসনও জানান, এআই কোম্পানিগুলোর দাবি করা প্রমাণ মানব গণিতবিদদের যাচাই করতে হবে।
ব্যাংক অব ইংল্যান্ডের গভর্নর অ্যান্ড্রু বেইলি এই সপ্তাহে বলেছেন, নতুন মডেল প্রকাশে কোম্পানিগুলোর সতর্ক হওয়া উচিত। মন্তব্যের জন্য অ্যানথ্রোপিক ও ওপেনএআইয়ের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬
Developed By NextBarisal
মন্তব্য লিখুন