Advertise top
ধর্ম

বরিশালে শংকর মঠে দেবী দুর্গার আগমনী অনুষ্ঠান

বরিশাল নিউজ

প্রকাশ : ১০ অক্টোবর ২০২৬, ০৬:১৪ পিএম    

বরিশালে শংকর মঠে দেবী দুর্গার আগমনী অনুষ্ঠান
বরিশালের শ্রীশ্রী শংকর মঠে আগমনী অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করছেন শিল্পীরা। বরিশাল নিউজ ডটকম

বরিশালে ১৬ অক্টোবর দেবী দুর্গার আমন্ত্রণ ও অধিবাসের মধ্য দিয়ে দুর্গাপূজা শুরু হবে। এর আগে শংকর মঠে আগমনী অনুষ্ঠান হয়েছে।

 

মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি ভানু লাল দে জানান, আগমনী অনুষ্ঠানের মধ্য দিয়েই পূজার আবহ তৈরি হয়ে গেছে। বরিশালের শ্রীশ্রী শংকর মঠে শুক্রবার, ৯ অক্টোবর রাতে ‘জাগো দশপ্রহরণধারিণী’ শীর্ষক অনুষ্ঠান হয়।

 

জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি মানিক মুখার্জী কুডু জানান, এটি বরিশালের সবচেয়ে বড় পূজামণ্ডপ। পূজা উদযাপন কমিটির আয়োজনে অনুষ্ঠানে সহযোগিতা করে চিরন্তনী বৈদিক সাংস্কৃতিক সংগঠন অধ্যাত্ম চর্চা ও গবেষণা কেন্দ্র।

 

সন্ধ্যায় আগমনী সঙ্গীত, চণ্ডীপাঠ ও গীতি আলেখ্য ‘চিন্ময়ী বন্দনা’ দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এরপর নৃত্য পরিবেশন, প্রদীপ প্রজ্বলন ও আলোচনা সভা হয়। সবশেষে হয় সঙ্গীত, নাটক ‘দশপ্রহরণধারিণী’ এবং সনাতন বিদ্যার্থী সংসদের কালী কীর্তন।

 

আলোচনা সভায় সভাপতিত্ব করেন শংকর মঠ পূজা উদযাপন কমিটির সভাপতি লিমন কৃষ্ণ সাহা কানু। সঞ্চালনায় ছিলেন সম্পাদক চিন্ময় দাস। বক্তব্য দেন মহানগর পরিষদের সম্পাদক গোপাল সাহা ও হিন্দু বৌদ্ধ খ্রীস্টান কল্যাণ ফ্রন্টের বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সুভাষ সরকার মন্টু। বক্তা ছিলেন শ্রীমৎ স্বামী প্রজ্ঞানানন্দ সরস্বতী ট্রাস্টের সম্পাদক বাসুদেব কর্মকার ভাষাইও।

 

মানিক মুখার্জী কুডু বলেন, মহালয়া থেকেই দুর্গোৎসবের ক্ষণগণনা শুরু হয়। তাই মহালয়ার আগের দিন রাতে এ আয়োজন। প্রচুর দর্শনার্থী অনুষ্ঠান দেখতে ভিড় জমান। শ্রীশ্রী রাধা গোবিন্দ নিবাসের আয়োজনে শনিবার, ১০ অক্টোবর সকালে মহালয়া অনুষ্ঠিত হয়েছে।

 


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal