Advertise top
শিক্ষা

বরিশালের কম পরীক্ষার্থীর কেন্দ্র বাতিলের পথে

বরিশাল নিউজ

প্রকাশ : ১০ অক্টোবর ২০২৬, ০৬:০৫ পিএম    

বরিশালের কম পরীক্ষার্থীর কেন্দ্র বাতিলের পথে
বরিশাল শিক্ষাবোর্ড। ফাইল ছবি

বরিশাল বিভাগে এসএসসির পরীক্ষাকেন্দ্র প্রয়োজনের দ্বিগুণ। কম পরীক্ষার্থীর কেন্দ্রগুলো বাতিলের উদ্যোগ নিয়েছে শিক্ষা বোর্ড।

 

বরিশাল শিক্ষা বোর্ডের তথ্য অনুযায়ী, বিভাগের ছয় জেলায় এসএসসির কেন্দ্র আছে ২১৬টি। এর মধ্যে বরিশালে ৭০টি, পটুয়াখালীতে ৪২টি, ভোলায় ৩২টি, পিরোজপুরে ২৮টি, বরগুনায় ২৪টি এবং ঝালকাঠিতে ২০টি। এ বছর পরীক্ষা দিয়েছে ৮০ হাজার ৪৫৮ জন। বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক শরীফ মোর্শেদ রেজা বলেন, এই সংখ্যার জন্য ১০০ কেন্দ্রই যথেষ্ট।

 

কয়েকটি কেন্দ্রে পরীক্ষার্থী ছিল একশর নিচে। সবচেয়ে কম ছিল ৫৬ জন। উজিরপুরের কারফা পাবলিক একাডেমি কেন্দ্রে ৬৩ জন এবং মুলাদীর বাটামারা ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ৮৯ জন পরীক্ষা দেয়। আরও দুটি কেন্দ্রে ছিল ১১১ ও ১১৫ জন।

 

উজিরপুর উপজেলায় নয়টি কেন্দ্র আছে। বোর্ড-সংশ্লিষ্টদের মতে, সেখানে সর্বোচ্চ তিনটিই যথেষ্ট। একটি কেন্দ্র চালাতে পরীক্ষার সময় প্রায় এক থেকে দেড় লাখ টাকা খরচ হয়। এর সঙ্গে ম্যাজিস্ট্রেট ও পুলিশ মোতায়েনের চাপও বাড়ে।

 

বোর্ড-সংশ্লিষ্টরা জানান, আওয়ামী লীগের ১৭ বছরের শাসনামলে স্থানীয় প্রভাবশালীদের তদবিরে অনেক কেন্দ্র অনুমোদন পায়।

 

শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনার পর আন্তঃবোর্ড সভায় অপ্রয়োজনীয় কেন্দ্র বাতিলের সিদ্ধান্ত হয়। কোন কেন্দ্র থাকবে ও কোনটি বাদ যাবে, তা নিয়ে বরিশালের জেলা প্রশাসকের মতামত চেয়ে চিঠি দিয়েছে বোর্ড। পরীক্ষা নিয়ন্ত্রক জানান, বিধি অনুযায়ী কেন্দ্র বাতিল করা হবে।

 


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal