Advertise top
বরিশাল

বরিশালের চৌমাথায় সড়ক দখল করে ফলের দোকান

বরিশাল নিউজ

প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৬, ০৭:৪৯ পিএম    

বরিশালের চৌমাথায় সড়ক দখল করে ফলের দোকান
বরিশালের চৌমাথায় সড়ক ও ফুটপাত দখল করে বসানো ফলের বক্স স্টল। বরিশাল নিউজ ডটকম

বরিশালের চৌমাথায় সড়ক-ফুটপাতে রাতারাতি ২০ থেকে ২৫টি ফলের দোকান বসেছে। সিটি করপোরেশনের লোগো থাকলেও অনুমোদন নেই।

 

সরেজমিনে ঘুরে চৌমাথা সিটি মার্কেটের পশ্চিম ও উত্তর পাশে ২০ থেকে ২৫টির বেশি বক্স স্টল দেখা গেছে। সড়ক ও ড্রেনের একাংশ দখল করে বসানো প্রতিটি স্টলের সামনে বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) লোগো লাগানো। দোকানগুলোর কারণে ওই এলাকায় যানজট বেড়েছে এবং যান চলাচলে বিঘ্ন ঘটছে।

 

ফল বিক্রেতা মো. জলিল হাওলাদার দাবি করেন, সিটি করপোরেশনের সাবেক প্রশাসক রায়হান কাওসারের সময়ে এসব বক্স স্টল তৈরি হয়েছিল। তখন তাঁদের বসতে দেওয়া হয়নি। তাই বৃহস্পতিবার, ৮ অক্টোবর ভোরে নিজেদের উদ্যোগে স্টলগুলো এনে মার্কেটের সামনে বসান তাঁরা। অনুমোদন না পেলেও ওই দিন থেকেই বিক্রি শুরুর কথা জানান জলিল। বর্তমান কর্তৃপক্ষ কী ভূমিকা নেয়, তা দেখতে চান বলেও উল্লেখ করেন তিনি।

 

চৌমাথা সিটি মার্কেটের একাধিক স্টল মালিক জানান, বৈধভাবে বরাদ্দ নিতে তাঁরা সিটি করপোরেশনকে ২০ থেকে ৩০ লাখ টাকা দিয়েছেন। এখন দোকানের ঠিক সামনে নতুন স্টল বসায় তাঁদের ব্যবসা প্রায় বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। ব্যবসায়ীদের মধ্যে এ নিয়ে ক্ষোভ দেখা দিয়েছে।

 

বিসিসির হাটবাজার শাখার তত্ত্বাবধায়ক রেজাউল করিম জানান, এসব দোকানের কোনো অনুমোদন করপোরেশন থেকে দেওয়া হয়নি। উচ্ছেদ শাখার প্রধান লকিতুল্লাহ সিকদার বলেন, খবর পেয়েই নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ একটি অভিযানকারী দল পাঠানো হচ্ছে। দ্রুতই স্টলগুলো উচ্ছেদ করা হবে বলে জানান তিনি।

 


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal