বরিশাল নিউজ বিদেশ ডেস্ক
প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৯ পিএম

ইয়েমেনের হুথি বিদ্রোহীদের সঙ্গে সৌদি আরবের যুদ্ধে সেনাপ্রধান পাঠাচ্ছে পাকিস্তান ও তুরস্ক, মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তির আওতায় রিয়াদে হচ্ছে জরুরি বৈঠক।
সৌদি আরবের অনুরোধে মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি বাস্তবায়নের লক্ষ্যে জরুরি বৈঠকে রিয়াদের পথে রয়েছেন পাকিস্তান ও তুরস্কের সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তারা। তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় নিশ্চিত করেছে, দেশটির সেনাপ্রধান জেনারেল সেলচুক বায়রাকতারোগলু সৌদি আরব সফরে যাচ্ছেন। পাকিস্তানের প্রতিরক্ষা বাহিনীর প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরও শিগগির রিয়াদে পৌঁছাবেন বলে জানা গেছে।
আগস্টে সই হওয়া মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি অনুযায়ী সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের যেকোনো একটির ওপর হামলাকে তিন দেশের ওপরই হামলা হিসেবে গণ্য করা হয়। হুথি বিদ্রোহীদের ক্রমাগত ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখে এই চুক্তি বাস্তবায়নে গতি আনতে চাইছে রিয়াদ।
সৌদি আরবের একাধিক লক্ষ্যবস্তুতে বৃহস্পতিবার কয়েক ডজন ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করে হুথিরা, যার মধ্যে রয়েছে রিয়াদের একটি ‘স্পর্শকাতর স্থাপনা’ ও ইয়ানবুতে সৌদি আরামকোর স্থাপনা। সৌদি কর্তৃপক্ষ জানায়, তায়েফ ও ইয়ানবুর উদ্দেশে ছোড়া ছয়টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আকাশেই প্রতিহত করা হয়েছে। মক্কা, জেদ্দা ও ইয়ানবুতে জারি করা হয় জরুরি সতর্কতা।
নিউইয়র্কে সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান, পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এবং তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের মধ্যে বৈঠকের পরই এই জরুরি সামরিক বৈঠকের ঘোষণা আসে। সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে মক্কাসহ বেসামরিক ও অর্থনৈতিক স্থাপনায় হামলার নিন্দা জানিয়ে জাতিসংঘ সনদের ৫১ অনুচ্ছেদ অনুযায়ী আত্মরক্ষার অধিকারের কথা বলা হয়।
তবে পাকিস্তান ও তুরস্কের বিবৃতিতে ছিল সতর্ক সুর। দার এক্স-এ লেখেন, চুক্তির প্রাতিষ্ঠানিক কাঠামো গড়ে তোলার অগ্রগতি নিয়ে আলোচনা হয়েছে। তুর্কি সংবাদমাধ্যম একে বর্ণনা করে চুক্তি প্রাতিষ্ঠানিকীকরণে ‘কারিগরি আলোচনা’ হিসেবে। এর আগে এনটিভিকে দেওয়া সাক্ষাৎকারে ফিদান বলেছিলেন, নিজেদের দেওয়া কথায় অটল থাকবে তুরস্ক এবং সৌদি আরবের কারিগরি প্রয়োজনে সহায়তা দিতে তাদের আপত্তি নেই।
হুথি রাজনৈতিক ব্যুরোর সদস্য মোহাম্মদ আল-বুখাইতি এক ইরাকি টিভি অনুষ্ঠানে বলেন, যুদ্ধে জড়ালে পাকিস্তান ও তুরস্ককে ‘লৌহমুষ্টি’র মুখোমুখি হতে হবে। ইসলামাবাদের ইনস্টিটিউট অব পলিসি স্টাডিজের জ্যেষ্ঠ ফেলো তুঘরাল ইয়ামিন বলেন, আফগানিস্তান সীমান্তে সংঘাত ও ভারতের সঙ্গে উত্তেজনার কারণে পাকিস্তানের সেনাবাহিনী এমনিতেই চাপে রয়েছে। তুরস্কের ন্যাটো দায়বদ্ধতা ও সিরিয়া সীমান্ত পরিস্থিতির কারণে দেশটি সেনা পাঠাতে ইচ্ছুক কি না, তা নিয়েও সংশয় প্রকাশ করেন তিনি।
সৌদি-সমর্থিত ইয়েমেন সরকারের বিরুদ্ধে সম্প্রতি বড় অগ্রগতি পেয়েছে ইরান-সমর্থিত হুথিরা। কৌশলগত বন্দরনগরী মোখা দখলের পর লোহিত সাগর উপকূলের প্রায় পুরোটাই তাদের নিয়ন্ত্রণে চলে গেছে, যার ফলে গুরুত্বপূর্ণ বাব এল-মান্দেব প্রণালিতে তাদের প্রভাব বেড়েছে। হরমুজ প্রণালি কার্যত বন্ধ হয়ে যাওয়ার পর এই পথ দিয়েই তেল রপ্তানি করছিল সৌদি আরব।
সৌদি আরবের গ্র্যান্ড মুফতি শেখ সালেহ আল-ফাওজান হুথিদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। মক্কা আবারও লক্ষ্যবস্তু করার চেষ্টা হয়েছে অভিযোগ তুলে মন্ত্রিসভার বৈঠকে একই সুরে কথা বলেন বাদশাহ সালমানও।
নিউইয়র্কের বৈঠকের দুদিন আগে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, চুক্তির প্রথম মহাসচিব হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক লেফটেন্যান্ট জেনারেল নোমান মাহমুদ, যিনি আগে দেশটির গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের জ্যেষ্ঠ কর্মকর্তা ছিলেন। রিয়াদে গড়ে ওঠা চুক্তির সচিবালয়ের নেতৃত্ব দেবেন তিনি।
সৌদি আরবের হাজারো সামরিক সদস্যকে ১৯৬৭ সাল থেকে প্রশিক্ষণ দিয়ে আসছে পাকিস্তান, সত্তরের দশক থেকে দেশটিতে সেনাও মোতায়েন রেখেছে তারা, যার মধ্যে রয়েছে পূর্বাঞ্চলীয় প্রদেশের তেল স্থাপনা সুরক্ষার দায়িত্বও।
সৌদি আরবকে প্রতিরক্ষা সহায়তা দিচ্ছে ফ্রান্স ও ব্রিটেনও। প্রতিরক্ষামূলক অভিযানে সৌদি জেট বিমানে জ্বালানি সরবরাহে রাজি হয়েছে ব্রিটেন। ইয়ানবুর তেল টার্মিনাল পাহারায় সেনা পাঠানোর কথা জানিয়েছে ফ্রান্স।
ইস্তাম্বুলের ইবনে হালদুন বিশ্ববিদ্যালয়ের বিশ্লেষক গোখান এরেলি বলেন, সম্পদ বা সামরিক সক্ষমতার ঘাটতি সৌদি আরবের মূল সমস্যা নয়, বরং ইয়েমেনের মাটিতে খণ্ডবিখণ্ড জোটই তাদের বড় দুর্বলতা। যুক্তরাষ্ট্রের সীমিত সম্পৃক্ততার কারণে অভিযানের বেশিরভাগ চাপ একাই সামলাতে হচ্ছে রিয়াদকে বলেও মন্তব্য করেন তিনি।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন আঞ্চলিক কূটনীতিক আল জাজিরাকে বলেন, হুথিরা অভিযানের গতি কমানোর কোনো লক্ষণ দেখাচ্ছে না এবং সামনে আরও প্রাণহানির শঙ্কা রয়েছে। মোখায় বড় ধাক্কা খেলেও অন্য ফ্রন্টে ধীরে অগ্রসর হচ্ছে সৌদি-সমর্থিত জোট বলে জানান তিনি।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬
Developed By NextBarisal
মন্তব্য লিখুন