Advertise top
রাজনীতি

নিষিদ্ধ ছাত্রলীগের দেশব্যাপী ধর্মঘটে টুঙ্গিপাড়ায় সংঘর্ষ; পুলিশের গাড়ীতে আগুন

বরিশাল নিউজ ডেস্ক

প্রকাশ : ১০ নভেম্বর ২০২৬, ০৫:১৬ পিএম       

নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের দেশব্যাপী ধর্মঘটে টুঙ্গিপাড়ায় সংঘর্ষ; পুলিশের গাড়ীতে আগুন
টুঙ্গিপাড়ায় পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ার পর পুলিশের গাড়িতে আগুন। ছবি- সংগৃহ

নিষিদ্ধ ছাত্রলীগের ডাকা দেশব্যাপী ধর্মঘটে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া পর  পুলিশের গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করতে হয়।

 

মঙ্গলবার,১০ নভেম্বর সকাল সাড়ে ১০টার দিকে টুঙ্গিপাড়া মোড়ে এ ঘটনার সূত্রপাত। উপজেলা ছাত্রলীগের উদ্যোগে বিপুলসংখ্যক নেতাকর্মী লগি-বৈঠা নিয়ে সেখানে জড়ো হন। পরে সড়কে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ শুরু করেন তারা। একপর্যায়ে উপজেলা আওয়ামী লীগ, যুবলীগসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও এতে যোগ দেন।

 

বিক্ষোভকারীরা লগি-বৈঠা হাতে এলাকায় মিছিল বের করলে পুলিশ তাদের বাধা দেয়। এ সময় দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে তা ধাওয়া-পাল্টাধাওয়ায় রূপ নেয়। সংঘর্ষের একপর্যায়ে বিক্ষুব্ধ ব্যক্তিরা পুলিশের একটি গাড়িতে আগুন ধরিয়ে দেন।

 

প্রায় দুই ঘণ্টা যান চলাচল ব্যাহত হওয়ার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা বাড়ানো হয়। গোপালগঞ্জ থেকে অতিরিক্ত সদস্য পাঠানো হয়েছে।

 

এরআগে সোমবার রাতে রাতে শহরের বেদগ্রাম এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে আগুন জ্বালিয়ে অবরোধ করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা। কোটালীপাড়া উপজেলাতেও মশাল মিছিল ও ককটেল বিস্ফোরণের খবর পাওয়া যায়।

 

এছাড়াও জেলা স্কুলের প্রধান ফটক, সরকারি মহিলা কলেজের দেয়াল, পাসপোর্ট অফিসের দেয়াল এবং সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ফটকসহ বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়।

 

গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ বলেছেন,রাতের ঘটনায় অভিযান চালিয়ে আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় সাতটি মোটরসাইকেল জব্দ এবং ১৫টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে ।

আর মঙ্গলবার দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal