Advertise top
আদালত-অপরাধ

নলছিটিতে আসামি ছিনিয়ে নেওয়ায় গ্রেপ্তার ৭

বরিশাল নিউজ, ঝালকাঠি

প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৬, ০৭:৫৮ পিএম    

নলছিটিতে আসামি ছিনিয়ে নেওয়ায় গ্রেপ্তার ৭
আসামি ধরতে গেলে পুলিশের গাড়িতেও হামলা হয়। বরিশাল নিউজ ডটকম

আদালতের পরোয়ানায় গ্রেপ্তার ইউপি সদস্যকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় ঝালকাঠির নলছিটিতে মামলা হয়েছে। গ্রেপ্তার হয়েছেন সাতজন।

 

নলছিটি থানার ওসি তৌহিদুজ্জামান জানান, সরকারি কাজে বাধা ও পুলিশের ওপর হামলার অভিযোগে সোমবার, ৯ নভেম্বর মামলাটি হয়েছে। এ মামলায় ৪১ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতপরিচয় ৭০ থেকে ৮০ জনকে আসামি করা হয়েছে।

 

পুলিশ জানায়, দপদপিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি ও ইউপি সদস্য সিরাজুল ইসলামকে রবিবার, ৮ নভেম্বর দুপুরে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা ছিল। ছাত্রলীগ বর্তমানে নিষিদ্ধ।

 

পুলিশের ভাষ্য, গ্রেপ্তারের পর তার পরিবারের সদস্য ও স্থানীয় কয়েকজন পুলিশের ওপর হামলা চালান। তারা সিরাজুলকে ছিনিয়ে নিয়ে যান। পুলিশের একটি পিকআপ ভ্যানও ভাঙচুর করা হয়।

 

মামলা হওয়ার পর ঘটনাস্থল ও আশপাশের এলাকায় অভিযান চালিয়ে সাতজনকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন রাকিব মৃধা (২৫), রুবেল মৃধা (৩০), মিল্টন হাওলাদার (২০), সেলিনা বেগম (৫৫), সোহেল হাওলাদার (২৭), রাশেদ মৃধা ও শহিদুল ইসলাম (২৮)।

 

ওসি জানান, গ্রেপ্তারদের আদালতে পাঠানো হয়েছে। মূল আসামিসহ অন্যদের ধরতে অভিযান চলছে।


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal