বরিশাল নিউজ বিদেশ ডেস্ক
প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৮ পিএম

প্রায় তিন হাজার ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর আরোপিত রাশিয়া নিষেধাজ্ঞার মেয়াদ মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর মধ্যরাতে শেষ হওয়ার শঙ্কায় পড়েছে।
দ্য গার্ডিয়ানের প্রতিবেদন অনুযায়ী, ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে সহায়তাকারী হিসেবে অভিযুক্ত প্রায় তিন হাজার ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা নবায়নে ইউরোপীয় ইউনিয়নের সদস্যরাষ্ট্রের রাষ্ট্রদূতরা ঐকমত্যে পৌঁছাতে ব্যর্থ হয়েছেন। ফ্রান্স ও স্লোভাকিয়ার আপত্তির কারণে এই অচলাবস্থা তৈরি হয়েছে বলে জানায় ইউরোনিউজ।
রুশ-উজবেক ধনকুবের আলিশার উসমানভ ও মিখাইল ফ্রিদমানকে তালিকা থেকে বাদ দেওয়ার শর্তে ৩৬ মাসের জন্য বাকি নিষেধাজ্ঞা বহাল রাখার একটি সমঝোতা প্রস্তাব উঠেছিল। তবে লাটভিয়া এই প্রস্তাবে আপত্তি জানিয়েছে। লাটভিয়ার প্রধানমন্ত্রী আন্দ্রিস কুলবের্গস সামাজিক যোগাযোগমাধ্যমে বলেন, শুধু দুই ব্যক্তিকে বাদ দেওয়ার বিনিময়ে এমন প্রস্তাব মেনে নেওয়া যায় না।
ফ্রান্স জানিয়েছে, জাতীয় নিরাপত্তাজনিত কারণে তারা উসমানভের অব্যাহতি চাইছে, যদিও বিস্তারিত জানায়নি। ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহা এই উদ্যোগকে অগ্রহণযোগ্য আখ্যা দিয়েছেন। ঐকমত্য না হলে সমঝোতার মেয়াদ আরও বাড়ানো হতে পারে বলে জানিয়েছেন এক কূটনীতিক।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬
Developed By NextBarisal
মন্তব্য লিখুন