বরিশাল নিউজ বিদেশ ডেস্ক
প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫১ পিএম

মার্কিন সামরিক চাপ কমিয়ে অবরোধ প্রত্যাহার করা হলে সাত দিনের মধ্যে হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া হবে বলে জানিয়েছে ইরান।
রয়টার্সের বরাতে জানা গেছে, ইরানের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, যুক্তরাষ্ট্র সামরিক চাপ কমালে ও ইরানি বন্দরের ওপর অবরোধ তুলে নিলে সাত দিনের মধ্যে প্রণালি খুলে দেওয়া সম্ভব। জাতিসংঘ সাধারণ পরিষদে যোগ দিতে যাওয়া ইরানি প্রতিনিধি দলের যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনীতি পুনরুজ্জীবিত করার পূর্ণ ক্ষমতা রয়েছে বলেও জানান তিনি।
এই দাবির বিস্তারিত এখনো স্পষ্ট নয় এবং যুক্তরাষ্ট্র এখনো এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। এটি স্বতন্ত্রভাবে যাচাই করা সম্ভব হয়নি বলেও উল্লেখ করেছে দ্য গার্ডিয়ান। গত সপ্তাহান্তে প্রণালি দিয়ে মাত্র ১৭টি পণ্যবাহী জাহাজ চলাচল করেছে, যেখানে যুদ্ধের আগে দৈনিক প্রায় ১২০টি জাহাজ চলত।
ইরানের শর্তের মধ্যে রয়েছে সব ফ্রন্টে যুদ্ধ বন্ধ করা, হিমায়িত তহবিল ছাড় করা এবং মার্কিন নৌ-অবরোধ প্রত্যাহার। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যাওয়া ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে বৈঠকে বসার আগ্রহ প্রকাশ করেছেন।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬
Developed By NextBarisal
মন্তব্য লিখুন