বরিশাল নিউজ ডেস্ক
প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০০ এএম

বরিশালসহ দেশের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সাত ধাপে আয়োজনের প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ১২ নভেম্বর হবে প্রথম ধাপের ভোটগ্রহণ।
রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সোমবার, ১৪ সেপ্টেম্বর নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ এসব তথ্য জানান। এর আগে স্থানীয় সরকার নির্বাচন বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বে কমিশন সভা অনুষ্ঠিত হয়।
মোট ইউনিয়ন পরিষদ ও ভোটের কারণ
কমিশনার সানাউল্লাহ গণমাধ্যমকে জানান, দেশে মোট ইউনিয়ন পরিষদের সংখ্যা চার হাজার ৫৮০টি। এর মধ্যে প্রায় চার হাজার ২৭২টি ইউনিয়ন পরিষদের মেয়াদ পূর্ণ হওয়ার বাধ্যতামূলক ১৮০ দিনের সময়সীমা ঘনিয়ে আসায় দ্রুত এই নির্বাচন আয়োজন করতে হচ্ছে।
বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের বার্ষিক পরীক্ষা এবং ধর্মীয় উৎসবের বর্ষপঞ্জি বিবেচনায় রেখে সাত ধাপে ভোট গ্রহণের এই খসড়া পরিকল্পনা নেওয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
সাত ধাপের সূচি
কমিশনার সানাউল্লাহ বলেন, “প্রথম ধাপ ১২ নভেম্বর, দ্বিতীয় ধাপ ১৩ ডিসেম্বর, তৃতীয় ধাপ ৩০ ডিসেম্বর। চতুর্থ ধাপ আগামী বছরের ১৭ জানুয়ারি, পঞ্চম ধাপ আগামী বছরের ৪ ফেব্রুয়ারি, ষষ্ঠ ধাপ ২২ এপ্রিল এবং সপ্তম ধাপ ২৭ মে।”
কমিশনার আরও বলেন, “প্রথম পাঁচটি ধাপেই দেশের সিংহভাগ ইউনিয়ন পরিষদের ভোট শেষ করা হবে। আর মামলা জটিলতাসহ বিভিন্ন আইনি বা প্রশাসনিক কারণে পিছিয়ে থাকা ৫৬টি ইউনিয়নসহ বাকিগুলোর ভোট শেষ দুই ধাপে সম্পন্ন করা হবে।”
প্রথম ধাপে কারা থাকছে
কমিশনার জানান, ঠাকুরগাঁও জেলা বাদে দেশের বাকি ৬৩টি জেলার প্রায় ৮০টি উপজেলার ইউনিয়ন পরিষদে প্রথম ধাপে ভোট গ্রহণ করা হবে। ঠাকুরগাঁওয়ে একটি উপনির্বাচন চলমান থাকায় সেখানকার ইউনিয়ন পরিষদগুলোর ভোট দ্বিতীয় ধাপে সরিয়ে নেওয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
সাধারণত প্রথম ধাপে সদর উপজেলাগুলোকে প্রাধান্য দেওয়া হলেও চট্টগ্রাম ও কুমিল্লার মতো বড় জেলায় তিনটি করে এবং ১০টির বেশি উপজেলা রয়েছে এমন জেলায় দুটি করে উপজেলা প্রথম ধাপে রাখা হচ্ছে বলে কমিশনার জানান।
পরবর্তী কর্মসূচি
নির্বাচন পরিচালনার প্রস্তুতির অংশ হিসেবে আগামী ১৭ সেপ্টেম্বর আন্তঃমন্ত্রণালয় সভা এবং ২১ সেপ্টেম্বর আইনশৃঙ্খলা বিষয়ক সভা ডাকা হয়েছে। ওই বৈঠকেই ইউপি নির্বাচনের পূর্ণাঙ্গ খসড়া চূড়ান্ত করা হবে বলে জানানো হয়েছে।
এ ছাড়া সর্বগ্রহণযোগ্য ও সুসংগঠিত নির্বাচন নিশ্চিত করার লক্ষ্যে আগামী ২৩, ২৪ ও ২৫ সেপ্টেম্বর নিবন্ধিত সব রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে বসবে ইসি। প্রতিটি দল থেকে সর্বোচ্চ দুইজন প্রতিনিধি এই সংলাপে অংশ নিতে পারবেন। কমিশনার নিশ্চিত করেছেন, বিদ্যমান নির্বাচনী আইনি কাঠামোর অধীনেই এই নির্বাচন পরিচালিত হবে।
কমিশনার জানিয়েছেন, ভোটের এই সম্ভাব্য সময়সূচি জানানো হলেও চূড়ান্ত তফসিল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবে নির্বাচন কমিশন।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬
Developed By NextBarisal
মন্তব্য লিখুন