বরিশাল নিউজ
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৭ এএম

বরিশাল বিভাগসহ দেশের ৬৪ জেলার যুবদের জন্য যুব ও ক্রীড়া মন্ত্রণালয়াধীন যুব উন্নয়ন অধিদপ্তর "কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)" ভিত্তিক বেসিক প্রশিক্ষণ কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
যেখানে বরিশাল বিভাগের ছয় জেলার যোগ্য যুবক-যুবতীরাও সম্পূর্ণ বিনামূল্যে প্রশিক্ষণ নেওয়ার সুযোগ পাচ্ছেন। এই বিজ্ঞপ্তি অনুযায়ী, "তথ্যপ্রযুক্তি জ্ঞানসম্পন্ন যুবদের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির মাধ্যমে দক্ষতা উন্নয়ন" শীর্ষক প্রকল্পের দ্বিতীয় ব্যাচে অনলাইনে আবেদন নেওয়া হচ্ছে।
বরিশালের জন্য কোন প্যাকেজ, কোন প্রতিষ্ঠান
দেশব্যাপী প্রশিক্ষণ কার্যক্রম চারটি প্যাকেজে ভাগ করা হয়েছে। বরিশাল ও খুলনা বিভাগ মিলিয়ে মোট ১৬টি জেলা নিয়ে গঠিত প্যাকেজ-৩-এর দায়িত্বে রয়েছে ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড। যাদের কার্যালয় ঢাকার মিরপুর রোডের খাজা আইটি পার্কে।
অর্থাৎ বরিশাল, বরগুনা, ভোলা, ঝালকাঠি, পটুয়াখালী ও পিরোজপুর জেলার আবেদনকারীদের প্রশিক্ষণ এই প্রতিষ্ঠানের মাধ্যমেই পরিচালিত হবে।
কারা আবেদন করতে পারবেন
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কম্পিউটার ও আইসিটি বিষয়ে প্রাথমিক ধারণাসম্পন্ন এবং ইংরেজিতে দক্ষতা রয়েছে এমন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
প্রশিক্ষণের সময়সূচি ও সুযোগ-সুবিধা
কোর্সটি দুই মাস মেয়াদি, মোট ৫০ দিনে দৈনিক ৬ ঘণ্টা করে ৩০০ ঘণ্টার প্রশিক্ষণ দেওয়া হবে। ক্লাস শুরু হবে ১ অক্টোবর ২০২৬ থেকে, চলবে ৩০ নভেম্বর ২০২৬ পর্যন্ত। প্রশিক্ষণে প্রম্পট ইঞ্জিনিয়ারিং, জেনারেটিভ এআই টুলস, এআই কনটেন্ট তৈরি ও তথ্য বিশ্লেষণের মতো বিষয় শেখানো হবে।
প্রশিক্ষণ পুরোপুরি সরকারি অর্থায়নে পরিচালিত হওয়ায় কোনো ফি লাগবে না। প্রশিক্ষণার্থীরা যাতায়াত বাবদ দৈনিক ২০০ টাকা ভাতা এবং প্রশিক্ষণকালীন খাবারের সুবিধা পাবেন। কোর্স সফলভাবে শেষ করলে যুব উন্নয়ন অধিদপ্তরের পক্ষ থেকে সরকারি সনদপত্রও দেওয়া হবে।
আবেদন ও নির্বাচন প্রক্রিয়া
আগ্রহীদের www.dydaiproject.com/apply ঠিকানায় অনলাইনে আবেদন করতে হবে, যার শেষ সময় ২৩ সেপ্টেম্বর ২০২৬ রাত ১১টা ৫৯ মিনিট। লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৬ সেপ্টেম্বর এবং মৌখিক পরীক্ষা ২৭ সেপ্টেম্বর। চূড়ান্ত মেধা তালিকা প্রকাশ হবে ২৯ সেপ্টেম্বর, এসএমএসের মাধ্যমে ফল জানিয়ে দেওয়া হবে।
প্রকল্প পরিচালক মোঃ আতিকুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রতিটি জেলার উপপরিচালকের সভাপতিত্বে গঠিত ভর্তি কমিটি লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে চূড়ান্তভাবে প্রশিক্ষণার্থী বাছাই করবে। কর্তৃপক্ষ এই বিজ্ঞপ্তি বাতিল, পরিবর্তন বা পরিবর্ধনের ক্ষমতা সংরক্ষণ করে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬
Developed By NextBarisal
মন্তব্য লিখুন