বরিশাল নিউজ বিদেশ ডেস্ক
প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৩ পিএম আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৪ পিএম

বুদ্ধিবৃত্তিক বিকাশের ক্ষতি রোধ করার জন্য নিউইয়র্ক সিটির সরকারি স্কুলে অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপ করার উদ্যোগ নেয়া হচ্ছে।
বার্তা সংস্থা এএফপির গতকাল বুধবার এই বিষয় নিয়ে প্রতিবেদন প্রকাশ করে।
শিশুদের মানসিক স্বাস্থ্য ও বুদ্ধিবৃত্তিক বিকাশের ক্ষতি এবং পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব নিয়ে উদ্বেগের কারণে স্কুলে এআই ব্যবহারের বিরুদ্ধে সতর্ক করেছেন শিক্ষক ও অভিভাবকেরা।
যুক্তরাষ্ট্রের শিক্ষাব্যবস্থায় ৫ম শ্রেণি পর্যন্ত এলিমেন্টারি স্কুল স্টুডেন্ট (Elementary School Student), ৬ষ্ঠ থেকে ৮ম শ্রেনি পর্যন্ত মিডল স্কুল স্টুডেন্ট (Middle School Student) নামে পরিচিত । অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের বয়স সাধারণত প্রায় ১৩ বছর হয়ে থাকে।
নবম শ্রেণি থেকে শুরু হয় তাদের 'হাই স্কুল' (High School) লেবেল।
এএফপিকে এ বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট এক সূত্র জানান, এখন থেকে নিউইয়র্ক সিটিতে শুধু হাইস্কুল পর্যায়ে এআই ব্যবহারের অনুমতি দেওয়া হবে, তবে এর ব্যবহার নির্দিষ্ট কিছু ক্ষেত্রে সীমিত থাকবে, যেমন এআই প্রযুক্তি সম্পর্কে শেখার ক্ষেত্রে।
নিউইয়র্ক টাইমসের তথ্য অনুযায়ী, মানসিক সহায়তা দেওয়ার দাবি করা বিভিন্ন এআই ‘কম্প্যানিয়ন চ্যাটবটও’ নিষিদ্ধ করা হবে।
তবে নতুন নিয়মে পাঠ পরিকল্পনা তৈরি বা বার্তা লেখার মতো কাজে শিক্ষকদের এআই ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে।
নিউইয়র্ক সিটির সরকারি স্কুলব্যবস্থা যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড়। ২০২৪–২৫ শিক্ষাবর্ষে ৯ লাখের বেশি শিক্ষার্থী ছিল।
এ কারণে নগরটির সরকারি স্কুলে প্রযুক্তি ব্যবহারের নীতিগুলো যুক্তরাষ্ট্রের অন্যান্য অংশেও গভীরভাবে পর্যবেক্ষণ করা হয়।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬
Developed By NextBarisal
মন্তব্য লিখুন