বরিশাল নিউজ, পটুয়াখালী
প্রকাশ : ২১ অক্টোবর ২০২৬, ১০:০৬ পিএম

পটুয়াখালীর বাউফলে গাছ কাটার সময় ডাল মাথায় পড়ে মোসলেম উদ্দিন হাওলাদার (৬৫) নামে একজনের মৃত্যু হয়েছে।
বাউফল পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে বুধবার, ২১ অক্টোবর দুপুর দেড়টার দিকে দুর্ঘটনাটি ঘটে। মোসলেম উদ্দিন স্থানীয় মৃত আনালি হাওলাদারের ছেলে। তিনি পৌর বিএনপির সদস্য ছিলেন।
পরিবার সূত্রে জানা যায়, তাদের বাড়ির কয়েকটি গাছ বিক্রি করা হয়েছিল। কাঠুরিয়ারা গাছ কাটছিলেন। একজন গাছে উঠে ডাল কেটে রশি দিয়ে নামানোর চেষ্টা করেন। তখন কাছে দাঁড়িয়ে থাকা মোসলেম উদ্দিনের মাথায় ডালটি পড়ে।
স্বজনেরা তাকে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। জরুরি বিভাগের চিকিৎসক ইরফান উদ্দিন তাকে মৃত ঘোষণা করেন। তার ছেলে ও উপজেলা ছাত্রদলের সাবেক সদস্যসচিব মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
পৌর বিএনপির সভাপতি হুমায়ুন কবির শোক প্রকাশ করেছেন। মোসলেম উদ্দিনের বাড়িতে গিয়ে সমবেদনা জানান বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। উপজেলা জামায়াতের নেতারাও সেখানে যান।
বাউফল থানার ওসি সিরাজুল ইসলাম বলেন, পরিবারের আপত্তি না থাকায় আইনগত কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬
Developed By NextBarisal
মন্তব্য লিখুন