Advertise top
প্রযুক্তি

তৃণমূলে ‘নিষিদ্ধ’ ক্রিপ্টো ব্যবহারে বাংলাদেশ ৫৬তম

বরিশাল নিউজ প্রযুক্তি ডেস্ক

প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৬, ০৬:২০ পিএম    

তৃণমূলে ‘নিষিদ্ধ’ ক্রিপ্টো ব্যবহারে বাংলাদেশ ৫৬তম
ক্রিপ্টোকারেন্সির প্রতীকী ছবি

অর্থনৈতিক সীমাবদ্ধতা এড়াতে নিষেধাজ্ঞা সত্ত্বেও ক্রিপ্টো ব্যবহার করছেন অনেকে। চেনালাইসিসের সূচকে তৃণমূলে বাংলাদেশ ৫৬তম।

 

ব্লকচেইন বিশ্লেষণ প্রতিষ্ঠান চেনালাইসিস ১১৭ দেশের তথ্য নিয়ে নতুন প্রতিবেদন প্রকাশ করেছে। "দ্য ২০২৬ জিওগ্রাফি অব ক্রিপ্টো রিপোর্ট" নামের এই প্রতিবেদনে তৃণমূল পর্যায়ের ব্যবহারে বাংলাদেশের অবস্থান ৫৬তম। গত বছরের তালিকায় দেশটি ছিল ১৩তম।

 

প্রতিবেশী দেশগুলোর মধ্যে ভারত ষষ্ঠ, পাকিস্তান ২৫তম ও শ্রীলঙ্কা ৮২তম। তালিকার শীর্ষে আছে ব্রাজিল।

 

বাংলাদেশে ক্রিপ্টোকারেন্সির লেনদেন বৈধ নয়। বাংলাদেশ ব্যাংক বা অন্য কোনো নিয়ন্ত্রক সংস্থাও এ লেনদেন অনুমোদন করে না। ওয়ার্ল্ড পপুলেশন রিভিউয়ের ২০২৩ সালের এক প্রতিবেদনে দেশে ব্যবহারকারীর সংখ্যা ৪৩ লাখ বলে দাবি করা হয়েছিল।

 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএর অধ্যাপক মো. মহিউদ্দিন বলেন, কেন্দ্রীয় ব্যাংক ও সরকারের কঠোর নিষেধাজ্ঞা রয়েছে। তবে এই সূচক আইনি স্বীকৃতি বিচার করে না। সাধারণ মানুষ বাস্তবে কতটা লেনদেন করছে, সূচকে তা দেখা হয়।

 

তিনি জানান, লেনদেনের পরিমাণ মাথাপিছু জিডিপির সঙ্গে তুলনা করে হিসাব হয়। তাই কম আয়ের দেশে লেনদেন কম হলেও সেটি সূচকে এগিয়ে যায়।

 

অধ্যাপক মহিউদ্দিনের ভাষ্য, দক্ষিণ এশিয়ায় ক্রিপ্টো অনেক সময় অর্থনৈতিক সীমাবদ্ধতা এড়ানোর উপায়। ফ্রিল্যান্সারদের পেমেন্ট নেওয়া ও আন্তর্জাতিক বাণিজ্যের জটিলতা এড়াতে অনানুষ্ঠানিকভাবে ক্রিপ্টো ও স্টেবলকয়েনের ব্যবহার বাড়ছে।

 


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal