মো. তারিকুল ইসলাম
প্রকাশ : ২৫ আগষ্ট ২০২৬, ১০:২৬ পিএম

সমুদ্রের ঢেউয়ে ভেসে আসছে একটি পালতোলা নৌকা। পাড়ে দাঁড়িয়ে জাল গোছাচ্ছেন জেলেরা, দূরে ভেসে যাচ্ছে একটি স্টিমার, যার ডেকে হাঁটছেন সাদা পোশাকের এক ইউরোপীয় নারী। প্রায় এক শতাব্দী আগে ক্যামেরাবন্দি হওয়া এই দৃশ্যগুলো এতদিন সাদাকালো ছিল ফিল্ম আর্কাইভের তাকে। এবার সেই দুর্লভ ফুটেজ রঙিন ও উচ্চ রেজোলিউশনে রূপান্তর করে প্রকাশ করেছে বরিশাল নিউজ ডটকম।
যে ফুটেজ নিয়ে কথা
মূল ফুটেজটি প্রায় ১২ মিনিটের, যদিও এর বিবরণীতে ৯ মিনিটের কথা বলা আছে। ব্রিটিশ ফিল্ম ইনস্টিটিউটের (বিএফআই) সংগ্রহে থাকা "Tours in Southern Bengal" শীর্ষক এই চলচ্চিত্রটির সংরক্ষণ নম্বর ১১৭৯৫। এতে ১৯৩০-এর দশকে (মূলত ১৯২১ থেকে ১৯৩০ এর মধ্যে) দক্ষিণ বাংলার বিভিন্ন এলাকার জনজীবন ও প্রকৃতির দৃশ্য ধারণ করা হয়েছে। বরিশাল নিউজ ডটকমের পর্যালোচনায় শনাক্ত হওয়া এই খণ্ডাংশটি মূলত পটুয়াখালীর কুয়াকাটা উপকূলে ধারণ করা বলে মনে করা হচ্ছে।
প্রকাশের আগে ফুটেজটি রঙিন ও উন্নত রেজোলিউশনে (আপস্কেল) রূপান্তর করেছে বরিশাল নিউজ ডটকম, যাতে দর্শকরা প্রায় শত বছর আগের এই দৃশ্য আরও স্পষ্টভাবে দেখতে পারেন। কপিরাইট মেয়াদ পার হওয়ায় ফুটেজটি এখন উন্মুক্ত সংগ্রহের (পাবলিক ডোমেইন) অন্তর্ভুক্ত।

বরিশাল নিউজ ডটকমের কালারাইজ করা ভিডিওতে নিজের নৌযানে জেলে। ছবি বরিশাল নিউজ ভিডিও থেকে
ক্যামেরার পেছনে যিনি
ফুটেজটি ধারণ করেছিলেন উইলিয়াম মেইকেলজন, যিনি ১৯১০ সালে ইম্পেরিয়াল ফরেস্ট্রি সার্ভিসে যোগ দেন। ব্রিটিশ ভারতের এই বন বিভাগীয় সংস্থার হাত ধরেই ১৮৭২ সালে গঠিত হয় চট্টগ্রাম ফরেস্ট ডিভিশন। মেইকেলজনের শৌখিন ক্যামেরার কাজ নিয়ে বিএফআই-এর নথিতে বলা হয়েছে, দৃশ্য বিন্যাসে তার দক্ষতা ছিল সমসাময়িক অনেকের চেয়ে বেশি, আর মানুষ ও প্রকৃতির খুঁটিনাটি ধরার ক্ষমতাও ছিল লক্ষণীয়।
ফুটেজের বিভিন্ন অংশে দেখা যায় উপকূলীয় জনজীবন— জেলেদের মাছ ধরা, নৌকা ঠেলে পানিতে নামানো, বড় মাছ ধরে একে অপরকে দেখানো, আর দূরে স্টিমারের যাতায়াত। এসব দৃশ্য তৎকালীন উপকূলীয় বাংলার জীবনযাত্রার একটি বিরল চিত্র তুলে ধরে।
সময়ের প্রেক্ষাপট
যে সময়ে এই ফুটেজ ধারণ করা হয়, তখন গোটা বাংলা প্রদেশ ছিল ব্রিটিশবিরোধী আন্দোলনের অন্যতম কেন্দ্র। ১৯৩০-এর দশকের শুরুতে বিভিন্ন বিক্ষোভের জেরে তৎকালীন বাংলার গভর্নর একাধিক কড়া অধ্যাদেশ জারি করেছিলেন, যা পরবর্তীতে তার উত্তরসূরিও বলবৎ রাখেন। এই অস্থির রাজনৈতিক প্রেক্ষাপটের মধ্যেই মেইকেলজনের মতো ঔপনিবেশিক কর্মকর্তারা দক্ষিণ বাংলার প্রত্যন্ত অঞ্চলে ঘুরে বেড়িয়ে এমন চলচ্চিত্র ধারণ করতেন, যা মূলত ব্যক্তিগত সংগ্রহের জন্য তোলা হলেও আজ ইতিহাসের দলিল হয়ে উঠেছে।
ইউটিউবে দেখা যাবে যেভাবে
কালারাইজ ও আপস্কেল করা এই ফুটেজ বরিশাল নিউজ ডটকমের ফেসবুক ও ইউটিউব পেজে প্রকাশ করা হয়েছে। প্রতিবেদনের সঙ্গে সংযুক্ত ইউটিউব ভিডিওতে ক্লিক করে দর্শকরা সরাসরি প্রায় শত বছর আগের কুয়াকাটা উপকূলের এই দৃশ্য দেখতে পারবেন।
সূত্র: British Film Institute (BFI) আর্কাইভ, সংরক্ষণ নম্বর ১১৭৯৫
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬
Developed By NextBarisal
মন্তব্য লিখুন