Advertise top
নির্বাচন

দীর্ঘ ৩৫ বছর পর সংসদ সদস্যদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচন আজ

বরিশাল নিউজ ডেস্ক

প্রকাশ : ২০ আগষ্ট ২০২৬, ১১:২৬ এএম    

দীর্ঘ ৩৫ বছর পর সংসদ সদস্যদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচন আজ
জাতীয় সংসদের অধিবেশন কক্ষে আজ অনুষ্ঠিত হচ্ছে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ।- প্রতীকী ছবি

দীর্ঘ ৩৫ বছর পর বাংলাদেশে সংসদ সদস্যদের প্রত্যক্ষ ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হতে যাচ্ছেন। জাতীয় সংসদের অধিবেশন কক্ষে এই ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে দুপুর দুইটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত।

 

দুজন প্রার্থী এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিএনপির সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর লড়ছেন দলটির মনোনয়নে। অন্যদিকে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন এগারো দলীয় ঐক্যের প্রার্থী হিসেবে লড়ছেন লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম।

 

নির্বাচনী প্রস্তুতি নিয়ে যা বলছেন সিইসি

নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। প্রস্তুতিতে কোনো ঘাটতি নেই মন্তব্য করে তিনি বলেন, একটি সুন্দর নির্বাচন সম্পন্ন করার আশা রাখেন তারা। প্রস্তুতি বিষয়ে সিইসি এসব কথা বলেন বুধবার।

 

রাষ্ট্রপতি নির্বাচনের দিকে সারা বিশ্ব তাকিয়ে আছে বলে মন্তব্য করেন সিইসি। এটিকে একটি ঐতিহাসিক মুহূর্ত হিসেবেও উল্লেখ করেন তিনি।

 

কেন এই নির্বাচন ব্যতিক্রমী

১৯৯১ সালের পর এই প্রথম সরাসরি ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হচ্ছেন বলে জানান সিইসি। দীর্ঘ বিরতির কারণে নির্বাচন কমিশন কিংবা সংসদ সচিবালয়—কোনো পক্ষই এ ধরনের নির্বাচন পরিচালনায় খুব একটা অভ্যস্ত নয় বলে স্বীকার করেন তিনি। তবে প্রক্রিয়ায় যাতে কোনো ঘাটতি না থাকে, সে জন্য সম্ভাব্য সব প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানান তিনি।

 

ভোটগ্রহণ প্রক্রিয়া

এই নির্বাচনে মোট ভোটার সংখ্যা তিনশ ঊনপঞ্চাশ জন। ভোটগ্রহণের শুরুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার ও বিরোধীদলীয় নেতার ভোটদান সরাসরি সম্প্রচার করা হবে। বিকেল পাঁচটায় গণনা শুরু হলে সেটিও সরাসরি সম্প্রচার করা হবে বলে জানান সিইসি।

 

শুধু ভোট দিয়েই সংসদ সদস্যদের চলে যেতে হবে না বলেও জানান তিনি। ভোট গণনার সময়ও তারা উপস্থিত থাকতে পারবেন।

 

ফল ঘোষণা যেভাবে হবে

ভোটগ্রহণ শেষে প্রতিটি প্রার্থীর প্রাপ্ত ভোট এবং বাতিল বা নষ্ট ভোটের সংখ্যা বিস্তারিতভাবে ঘোষণা করা হবে। সংখ্যাগরিষ্ঠ ভোট পাওয়া প্রার্থীর নাম ঘোষণার পর প্রকাশ করা হবে গেজেট।

 

সূত্র: বাসস
 


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal