বরিশাল নিউজ
প্রকাশ : ১৮ আগষ্ট ২০২৬, ০৩:২৫ পিএম আপডেট : ১৮ আগষ্ট ২০২৬, ০৫:০৪ পিএম

বরিশাল রেঞ্জ ডিআইজি মো.জুলফিকার আলী হায়দার বলেছেন, পুলিশ এককভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে পারে না, এজন্য জনগণের এবং সাংবাদিকদের সহযোগিতা দরকার।
পুলিশের আচরণগত সমস্যা বা দুর্বলতা সম্পর্কে ডিআইজি বলেন, পুলিশ এককভাবে এজন্য দায়ী নয়, তাদের দিয়ে এটা করানো হয়েছিল। তবে এটা কাটিয়ে ওঠার চেষ্টা করা হচ্ছে। আমরা পুলিশের মনোভাব পরিবর্তনের চেষ্টা করে যাচ্ছি।
বরিশাল জেলা পুলিশ লাইন্স এর ড্রিল শেডে আজ, মঙ্গলবার, ১৮ আগস্ট সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন বরিশাল রেঞ্জে যোগদানকারী ডিআইজি মো.জুলফিকার আলী হায়দার। গত ১৩ আগস্ট বরিশাল রেঞ্জ ডিআইজি পদে তিনি যোগদান করেন। এরআগে তিনি বরিশালে পুলিশের বিভিন্ন পদে দুইবার দায়িত্ব পালন করেন জানিয়ে তিনি জনগণের প্রতিনিধি হিসেবে সাংবাদিকদের কাছ থেকে গঠনমূলক সমালোচনা আহবান করেন।
বরিশাল রিপোর্টার্স ইউনিটির সাধারন সম্পাদক খালিদ সাইফুল্লাহ ভুক্তভোগী হিসেবে ডিআইজির কাছে জানতে চান,মানুষের সাথে ভালো আচরণ করার জন্য পুলিশকে প্রশিক্ষণ দেওয়া হয় কিনা? এছাড়াও তিনি গত পতিত সরকারের আমলে ১৫ বছর নির্যাতনের শিকার হওয়ার কথা উল্লেখ করে বলেন সেই দলটি এখন আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর চেষ্টা করবে। পুলিশকে তিনি সতর্ক থাকতে বলেন।
মাছরাঙ্গা টেলিভিশনে গিয়াসউদ্দিন সুমন বলেন অনেক ক্ষেত্রে নিউজ কমপ্লিট করার জন্য পুলিশের বক্তব্য প্রয়োজন হয়, কিন্তু এক্ষেত্রে পুলিশের সহযোগিতা পাওয়া যায় না।
যমুনা টিভির কাওছার হোসেন নিউজের ফলোআপ পেতে পুলিশকে কথা বলার অনুরোধ করেন।
দৈনিক পোস্টের সৈয়দ মেহেদী,আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির জন্য প্রত্যন্ত এলাকায় পুলিশের উপস্থিতি বাড়াতে এবং রাস্তায় আগের মতো তল্লাশী করার পরামর্শ দেন।
মোহনা টিভির শেখ শামীম বলেন, ডিআইজির মিডিয়া উইং থাকা দরকার।পুলিশ সাংবাদিকদের এড়িয়ে চলে।
দৈনিক পরিবর্তন সম্পাদক কাজী মিরাজ মাহমুদ প্রত্যন্ত অঞ্চলের খবর সংগ্রহ দূরহ ব্যাপার। পুলিশ সহযোগিতা না করলে আমাদের জন্য সমস্যা।
দীগন্ত টিভির আজাদ আলাউদ্দিন অনুমোদনহীন গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার পরামর্শ দেন।
প্রথম সকালের কাজী মামুন বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির কোন উন্নতি নাই, বরং আরও অবনতি হয়েছে। মামলার ক্ষেত্রে হয়রানির শিকার হচ্ছে মানুষ। পুলিশ কিন্তু এখনো আগের মতো রয়ে গেছে। তিনি আরো বলেন জনগণ চায় না পুলিশ দলীয় প্রোগ্রামে স্টেজে উঠুক। সেদিকেও ডিআইজিকে নজর দিতে হবে।
ডেইলি স্টারের সুশান্ত ঘোষ পুলিশের তথ্য প্রদানের সক্ষমতার অভাব রয়েছে জানিয়ে আর্কাইভ করার পরামর্শ দেন। তিনি বলেন মাদক ব্যবহার বাড়ছে। সম্প্রতি কুয়াকাটায় ৩০০ ইয়াবা ধরা পড়ার কথা উল্লেখ করে তিনি বলেন, সাগরে শুধু ইলিশ ধরতেই যায়না, মাদক আনতেও যাওয়া হয়।
বিপ্লবী বাংলাদেশের সম্পাদক নুরুল আলম ফরিদ বলেছেন, পুলিশ সঠিক দায়িত্ব পালন করতে পারলে, জনগণও তাদের সাথে থাকবে।
বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু, আগৈলঝাড়া থানায় হামলার ঘটনাটির ফলোআপ জানতে চান।। এছাড়াও তিনি গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জুলফিকারের উপর হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া দরকার বলে জানান।সভাপতি গৌরনদী থানার ওসির ব্যবহার খুব ভালো জানিয়ে অভিযোগ করে বলেন কাজের বেলায় কিন্তু তিনি তেমন না।
সবার কথা শুনে ডিআইজি বলেন, পুলিশের আচরণগত সমস্যা সবচেয়ে বড় সমস্যা।তবে পুলিশ এককভাবে তা করেনি। তাদের দিয়ে করানো হয়েছিল। এখনো পুলিশের সমস্যা রয়েছে স্বীকার করে তিনি বলেন, আমরা ব্যক্তিগত জীবনের আচরনের দৃষ্টান্ত দেখিয়ে পুলিশের মনোভাব পরিবর্তনের চেষ্টা করে যাচ্ছি।
তিনি দুঃখ করে বলেন, আজকাল বিনয় বা এটিকেট সমাজ থেকে যেন উঠে গেছে। এ ব্যাপারে বাবা- মা, শিক্ষক থেকে শুরু করে সমাজের সবাইকে এগিয়ে আসতে হবে। পুলিশ এ ব্যাপারেও কাজ শুরু করেছে জানান তিনি।
সাংবাদিকদের তথ্য দিয়ে সহযোগিতা করার ব্যাপারে তিনি বলেন, তদন্তের কারনে আমাদের কিছু সীমাবদ্ধতা থাকে। তবে তাৎক্ষণিক বিষয়ে আমাদেরও সময় দিতে হবে।
থানায় হয়রানির বিষয়টি তিনি দেখবেন বলে আশ্বস্ত করেন।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬
Developed By NextBarisal
মন্তব্য লিখুন