Advertise top
স্মরণ

কবি সুফিয়া কামালের আজ ২৭তম প্রয়াণ দিবস

বরিশাল নিউজ

প্রকাশ : ২০ নভেম্বর ২০২৬, ০৪:০৮ পিএম    

কবি সুফিয়া কামালের আজ ২৭তম প্রয়াণ দিবস
কবি সুফিয়া কামাল। ফাইল ছবি।

বাংলা সাহিত্য ও সমাজ-সংস্কৃতির ইতিহাসে অনন্য এক কবি বেগম সুফিয়া কামালের আজ  ২০ নভেম্বর ২৭তম মৃত্যুবার্ষিকী।  ১৯৯৯ সালের এই দিনে ৮৮ বছর বয়সে তিনি ঢাকায় মৃত্যুবরণ করেন । তবে কবিতার মানবিক আবেদন ও অন্যায়ের বিরুদ্ধে দৃঢ় অবস্থানের মধ্য দিয়ে পরবর্তী প্রজন্মের কাছে আজও  তিনি স্মরণীয়, প্রেরণার উৎস ।

 

১৯১১ সালের ২০ জুন বরিশালের শায়েস্তাবাদের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন সুফিয়া কামাল। রক্ষণশীল পারিবারিক পরিবেশের কারণে প্রাতিষ্ঠানিক শিক্ষার সুযোগ না পেলেও নিজের চেষ্টায় বাংলা ভাষা শেখেন এবং সাহিত্যচর্চায় অসামান্য দক্ষতা অর্জন করেন। ছোটবেলা থেকেই সাহিত্য ও সংস্কৃতির প্রতি আগ্রহী ছিলেন সুফিয়া কামাল।

 

১৯১৮ সালে কলকাতায় বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের সঙ্গে তার পরিচয় হয়। রোকেয়ার চিন্তা ও ব্যক্তিত্ব তাকে অনুপ্রাণিত করে। পরবর্তী সময়ে কাজী নজরুল ইসলামের সান্নিধ্যও তার সাহিত্যজীবনে প্রভাব ফেলে।

 

১৯২৬ সালে ‘সওগাত’ পত্রিকায় প্রকাশিত হয় তার প্রথম কবিতা ‘বাসন্তী’। ১৯৩৮ সালে প্রকাশিত হয় প্রথম কাব্যগ্রন্থ ‘সাঁঝের মায়া’। বইটির ভূমিকা লিখেছিলেন কাজী নজরুল ইসলাম। কবিতার পাশাপাশি গল্প, স্মৃতিকথা ও ভ্রমণবিষয়ক লেখায়ও রেখেছেন প্রতিভার স্বাক্ষর। তার উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে রয়েছে ‘মায়া কাজল’, ‘মন ও জীবন’, ‘শান্তি ও প্রার্থনা’ ও ‘উদাত্ত পৃথিবী’।

 

সাহিত্যচর্চার পাশাপাশি নারী শিক্ষা, সমঅধিকার ও সামাজিক মর্যাদা প্রতিষ্ঠায় আজীবন কাজ করেছেন সুফিয়া কামাল। ১৯৬৯ সালে গঠিত মহিলা সংগ্রাম পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন তিনি। সংগঠনটি পরবর্তী সময়ে বাংলাদেশ মহিলা পরিষদ নামে পরিচিত হয়।

 

ভাষা আন্দোলন, সাংস্কৃতিক স্বাধিকার আন্দোলন এবং মুক্তিযুদ্ধেও ছিল তার সক্রিয় ভূমিকা। ১৯৬১ সালে রবীন্দ্রসংগীত নিষিদ্ধ করার প্রতিবাদে সাংস্কৃতিক আন্দোলনে অংশ নেন। ১৯৬৯ সালে পাকিস্তান সরকারের দেওয়া ‘তমঘা-ই-ইমতিয়াজ’ খেতাব প্রত্যাখ্যান করেন। মুক্তিযুদ্ধের সময় তার বাড়ি ‘সাঁঝের মায়া’ মুক্তিযোদ্ধাদের সঙ্গে যোগাযোগ ও বার্তা আদান-প্রদানের কাজে ব্যবহৃত হতো। সাহিত্য ও সমাজে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে পেয়েছেন বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, একুশে পদক ও স্বাধীনতা পুরস্কারসহ বহু সম্মাননা। ছায়ানটের প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবেও সাংস্কৃতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন তিনি।


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal