Advertise top
বিদেশ

ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ শেষ; ওমানকে বোমা মারার হুমকি ট্রাম্পের

বরিশাল নিউজ ডেস্ক

প্রকাশ : ১৮ আগষ্ট ২০২৬, ০১:০৮ পিএম    

ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ শেষ; ওমানকে বোমা মারার হুমকি ট্রাম্পের
হরমুজ প্রণালিতে  জাহাজ চলাচল নিয়ে অনিশ্চয়তার মধ্যেই এ হুমকি ট্রাম্পের। - ছবি: বরিশাল নিউজ

 

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি আলোচনার মেয়াদ শেষ হওয়ার দিনেই মধ্যস্থতাকারী দেশ ওমানকে বোমা হামলার হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্র সময় সোমবার তিনি এই হুমকি দেন। একই দিনে হরমুজ প্রণালি নিয়ে ইরান ও ওমানের মধ্যে একটি সমঝোতা চূড়ান্তের পথে এগোনোর খবর পাওয়া গেছে।

 

বিট্রিশ গণমাধ্যম গার্ডিয়ানের বরাতে জানা গেছে, ওমান হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার প্রক্রিয়ায় "বাধা" হয়ে দাঁড়ালে দেশটিতে বোমা হামলার হুমকি দেন ট্রাম্প। তিনি বলেন, "ওমান যদি বাধা দেয়, আমরা তাদের ওপর ব্যাপক বোমাবর্ষণ করব।" চলতি বছরের মে মাসেও একবার একই ধরনের হুমকি দিয়েছিলেন তিনি।

 

যুদ্ধবিরতির মেয়াদ শেষ

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি আলোচনার জন্য নির্ধারিত ষাট দিনের সময়সীমা সোমবার শেষ হয়ে যায়, অথচ কোনো চূড়ান্ত সমঝোতা হয়নি। ফ্রান্সের ভার্সাই প্রাসাদে জি সেভেন সম্মেলনের ফাঁকে গত ১৭ জুন ইরানের সঙ্গে এই সমঝোতা স্মারকে সই করেছিলেন ট্রাম্প, যাতে যুদ্ধ সাময়িক স্থগিত রেখে নিষেধাজ্ঞা শিথিল ও পরমাণু কর্মসূচিসহ বিভিন্ন বিরোধ মেটাতে ষাট দিনের সময় বেঁধে দেওয়া হয়েছিল।

 

সাক্ষাৎকারে ইরানকে "আত্মসমর্পণের সাদা পতাকা তোলার" আহ্বান জানান ট্রাম্প। তবে নতুন কোনো সময়সীমা বেঁধে দেওয়ার ইঙ্গিত দেননি তিনি। তার ভাষায়, "আমার কোনো সময়সূচি নেই। আমি তাড়াহুড়োয় নেই।" একই সাক্ষাৎকারে তিনি প্রথমবারের মতো নিশ্চিত করেন, ইরানের রেভল্যুশনারি গার্ড বাহিনীর সঙ্গে ওয়াশিংটনের সরাসরি একটি ব্যাকচ্যানেল যোগাযোগ চালু রয়েছে।

 

হরমুজ প্রণালি নিয়ে অগ্রগতি

এদিকে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল ব্যবস্থাপনা নিয়ে ওমানের সঙ্গে যৌথ বিবৃতি চূড়ান্ত করার কাজ করছে ইরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘায়ি সাংবাদিকদের জানান, শিপিং রুটের মানচিত্র নিয়ে একটি সমঝোতায় পৌঁছানো গেছে। ইরানের উপকূল ঘেঁষে জাহাজ প্রবেশ করবে এবং ওমানের উপকূল ঘেঁষে বের হবে—এমন একটি রুটের ভিত্তিতে প্রণালিটি আবার খুলে দেওয়ার কথা রয়েছে বলে আগে জানা গিয়েছিল।

 

যুদ্ধ শুরুর আগে বিশ্বের মোট বাণিজ্যিক তেল সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ এই প্রণালি দিয়ে পরিবাহিত হতো। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল গত ২৮ ফেব্রুয়ারি ইরানে হামলা শুরু করার পর থেকে ইরান কার্যত প্রণালিটি বন্ধ করে রেখেছে।

 

বৃহত্তর মধ্যপ্রাচ্য পরিস্থিতি

একই দিনে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা লোহিত সাগরে সৌদি আরবের সামরিক জাহাজ লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার দাবি করেছে, যদিও সৌদি কর্তৃপক্ষ এখনো তা নিশ্চিত করেনি। অন্যদিকে ইসরায়েলে ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে চার ঘণ্টারও বেশি সময় বৈঠক করেন, যেখানে গাজা যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্র সমর্থিত একটি শান্তি পরিকল্পনা প্রত্যাখ্যান নিয়ে আলোচনা হয়। নেতানিয়াহু বলেছেন, হামাস পুরোপুরি নিরস্ত্র না হওয়া পর্যন্ত কোনো ইসরায়েলি সেনা প্রত্যাহার তিনি মেনে নেবেন না।

 

সূত্র: The Guardian, Al Jazeera, The New York Times, AP

 


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal