Advertise top
বিদেশ

ইউরোপজুড়ে রাস্তায় তরুণদের ক্ষোভ

বরিশাল নিউজ বিদেশ ডেস্ক

প্রকাশ : ২১ নভেম্বর ২০২৬, ০৬:৫৫ পিএম    

ইউরোপজুড়ে রাস্তায় তরুণদের ক্ষোভ
লন্ডনে পার্লামেন্ট ভবনের বাইরে বিক্ষোভকারীরা। সংগৃহীত

জীবনযাত্রার ব্যয়, সামরিক বাজেট বৃদ্ধি ও শিক্ষার সংকটের প্রতিবাদে ইউরোপের কয়েকটি দেশে রাস্তায় নেমেছেন তরুণেরা।

 

এএফপির প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার, ২০ নভেম্বর ইতালি, জার্মানি, সুইজারল্যান্ড ও যুক্তরাজ্যের বিভিন্ন শহরে বিক্ষোভ হয়। ৫০টির বেশি সংগঠনের তরুণ জোট এর আয়োজন করে। বিক্ষোভকারীদের অভিযোগ, সরকার শিক্ষা, আবাসন ও তরুণদের কল্যাণে যথেষ্ট বিনিয়োগ করছে না। গাজায় দখলদার ইসরাইলের যুদ্ধ ও বাড়িভাড়া বৃদ্ধিও ক্ষোভের কারণ ছিল।

 

মিলানের বিক্ষোভে কয়েক হাজার মানুষ অংশ নেন। ১৮ বছরের শিক্ষার্থী অলিভিয়া ফেরারি বলেন, সরকার না শুনলে তরুণেরা নীরব থাকতে পারে না। সুইজারল্যান্ডে আয়োজকদের দাবি, ৪০ হাজারের বেশি মানুষ যোগ দিয়েছেন। সেখানকার সংবাদ সংস্থার বরাতে বলা হয়েছে, বিক্ষোভ বেশির ভাগ শান্তিপূর্ণ ছিল। শেষে অল্প কয়েকজনের সঙ্গে পুলিশের সংঘর্ষে কাঁদানে গ্যাস ও জলকামান ব্যবহার করা হয়।

 

বার্লিনে প্রায় এক হাজার শিক্ষার্থী সামরিক শক্তি বৃদ্ধি নিয়ে উদ্বেগ জানান। বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ ফিরে আসার আশঙ্কাও তাদের মধ্যে আছে। লন্ডনে কয়েক শ মানুষ পার্লামেন্টের বাইরে জড়ো হন। সেখানে ডানপন্থী ও ফ্যাসিবাদবিরোধী দলগুলোর মধ্যে সংঘর্ষ হয়। রোমেও পুলিশের সঙ্গে সংঘর্ষের খবর পাওয়া গেছে।

 

মাদ্রিদে এক ছাত্রী জানান, তাদের শ্রেণিকক্ষে ৩৩ জন শিক্ষার্থীর বিপরীতে শিক্ষক একজন। সপ্তাহান্তেও বিক্ষোভ চলার কথা আছে। শনিবার, ২১ নভেম্বর ফ্রান্সেও কর্মসূচি রয়েছে।


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal