বরিশাল নিউজ ডেস্ক
প্রকাশ : ১৭ জুলাই ২০২৬, ০৮:৫৫ পিএম

বন্যাদুর্গতদের ত্রাণ বিতরণের সময় অস্থায়ী মঞ্চ ধসে নিচে পড়ে যান অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং অতিথিরা। তবে, এতে কেউ আহত হননি। সুস্থ আছেন অর্থমন্ত্রীও। ঘটনাটি ঘটেছে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় আজ শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে ।
চন্দনাইশ থানার উপপরিদর্শক (এসআই) রূপক কর্মকারের বরাত দিয়ে দ্য ডেইলি স্টার জানিয়েছে, মঞ্চটি খুব একটা উঁচু না হওয়ায় বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটেনি। মঞ্চ ভেঙে পড়ায় ত্রাণ বিতরণে কিছুটা বিশৃঙ্খলা তৈরি হলেও অল্প সময়ের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হয়।
প্রত্যক্ষদর্শী এবং স্থানীয় পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা জানান, অর্থমন্ত্রী অনুষ্ঠানস্থলে পৌঁছে মঞ্চে ওঠেন। এ সময় দলের অনেক নেতাকর্মী ও অতিথিরা মঞ্চে উঠে পড়ায় ভার সইতে পারেনি মঞ্চটি।
তখন অর্থমন্ত্রীর সাথে থাকা চট্টগ্রাম সিটির মেয়র ডা. শাহাদাত হোসেন, চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য জসিম উদ্দিন আহমেদ, পটিয়ার সংসদ সদস্য এনামুল হক ও বোয়ালখালীর সংসদ সদস্য এরশাদ উল্লাহসহ অন্যান্য স্থানীয় নেতারা পড়ে যান।
তবে তারা দ্রুতই সামলে উঠেন । কিছুক্ষণের মধ্যে আবারও ত্রাণ বিতরণ কার্যক্রম শুরু হয়।
চন্দনাইশের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুর রহমান জানান, এ আয়োজনে চট্টগ্রাম জেলা প্রশাসনের পক্ষ থেকে ২৫০ পরিবারের মাঝে এবং স্থানীয় সংসদ সদস্যদের পক্ষ থেকে আরও ২ হাজার পরিবারের মাঝে ত্রাণ সহায়তা দেওয়া হয়। প্রতিটি ত্রাণ প্যাকেজে ১০ কেজি চাল, ভোজ্যতেল, লবণ ও শুকনা খাবারসহ প্রায় ২০ কেজির মতো নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী ছিল যোগ করেন তিনি।
সম্পাদনা : বরিশাল নিউজ
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬
Developed By NextBarisal
মন্তব্য লিখুন