বরিশাল নিউজ
প্রকাশ : ২৩ মে ২০২৬, ০৯:০৪ পিএম

সংবাদ প্রকাশের জের ধরে বরিশালের স্থানীয় দৈনিক আজকের সময়ের বার্তার এক রিপোর্টার মুহম্মদ ইমন খন্দকার হৃদযয়কে মারধর করেছেন স্থানীয় জামায়াত ইসলামের এক কর্মী। এর প্রতিবাদ করলে পত্রিকাটির সম্পাদক ও প্রকাশককেও হুমকি দেওয়া হয়।
বরিশালের কাউনিয়া সাবান ফ্যাক্টরি (৭ নম্বর ওয়ার্ড) এলাকায় শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বরিশাল মেট্রোপলিটন পুলিশের কাউনিয়া থানায় হামলায় অভিযুক্ত জামায়াত কর্মী অ্যাডভোকেট জাকির হোসেনের বিরুদ্ধে সাধারণ ডায়েরি করেছেন হামলার শিকার ওই রিপোর্টার। তিনি বরিশাল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পত্রিকাটির প্রকাশক ও সম্পাদক এম. লোকমান হোসাইন বলেন, ‘মুহম্মদ ইমন খন্দকার হৃদয় জামায়াত নেতা জাকিরের জমি দখলের বিষয়ে একটি সংবাদ প্রকাশ করেন। সেই থেকেই তিনি ইমনকে বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছিলেন। ঘটনার দিন স্থানীয় একটি দোকানে খাবার আনতে গেলে জাকির হোসেন হৃদয়ের গলায় গামছা পেঁচিয়ে প্রকাশ্যে টানতে টানতে তার বাসার নিচে নিয়ে যান। সেখানে তাকে শারীরিকভাবে নির্যাতন করা হয়।
পরে স্থানীয় লোকজন এগিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। লোকমান হোসেন জানান, এমন হামলা কেন করা হয়েছে— এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি আমাকেও মারধরের হুমকি প্রদান করে।
কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সনজিত চন্দ্র নাথ বলেন, সাংবাদিকদের হুমকির ঘটনায় জামাত নেতার বিরুদ্ধে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বরিশাল জেলা জামায়াত ইসলামের আমির অধ্যাপক আব্দুল জব্বার বলেন, অ্যাডভোকেট জাকির হোসেন জামায়াত ইসলামের কোনো দায়িত্বশীল পদে নেই। তবে তিনি জামাতের কর্মী। এরকম ঘটনা ঘটিয়ে থাকলে বিষয়টি অবশ্যই খতিয়ে দেখা হবে।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬
Developed By NextBarisal
মন্তব্য লিখুন